ঢাবি উপাচার্যের সঙ্গে লি শাওপেং এর সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উচ্চশিক্ষা গ্রহণে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে দেশটির দূতাবাস। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। এ সময় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতিবিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে কথা হয়। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে তারা আগ্রহী। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
জবাবে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চীনা শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’