এইচআরডিএস ও ঢাবি © টিডিসি ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় এক কর্মকর্তা, এক কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস), ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।
শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছয় সহকারী প্রক্টরের মধ্যে কয়েকজন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পারিপার্শ্বিক চাপের কথা জানিয়ে তাদের পদত্যাগের অনুরোধ করেছিলেন প্রক্টর। তবে প্রক্টর ও উপাচার্য জোরপূর্বক পদত্যাগের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করা হয়েছে।
এইচআরডিএস বলছে, একই সময়ে একাধিক সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ এবং প্রক্টরিয়াল টিমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের মতো নিরাপত্তা সংকটের মধ্যে প্রক্টরিয়াল টিমের একাধিক সদস্যের পদত্যাগ উদ্বেগজনক। নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও জবাবদিহি নিশ্চিতের পরিবর্তে তাদের পদত্যাগের পরিস্থিতি তৈরি হয়ে থাকলে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর জন্য অশনিসংকেত।
বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, কেবল অভিযোগ কিংবা প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে কাউকে চূড়ান্তভাবে অপরাধী বিবেচনা করা যাবে না। প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের অধিকার, ন্যায়বিচার পাওয়ার সুযোগ এবং যথাযথ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
এইচআরডিএসের সাত দফা দাবির মধ্যে রয়েছে—ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের প্রকৃত কারণ ও প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধের প্রেক্ষাপট প্রকাশ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথিত চাপের বিষয়ে ব্যাখ্যা, প্রক্টরিয়াল টিমের অভ্যন্তরীণ সমন্বয় ও দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে প্রশাসনের জবাবদিহি এবং সাম্প্রতিক সব ককটেল বিস্ফোরণের নিরপেক্ষ তদন্ত।
এ ছাড়া সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারী ও বহিষ্কৃত শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক কিংবা কোনো ধরনের প্রভাবের পরিবর্তে তথ্য-প্রমাণ ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণের আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতিতে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার এবং সাম্প্রতিক ঘটনায় প্রশাসনিক অবহেলা, দায়িত্বে গাফিলতি কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।
সংগঠনটি মনে করে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার নামে মানবাধিকার, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির প্রশ্ন উপেক্ষা করা যাবে না। অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ ব্যক্তির অধিকার ও মর্যাদাও সুরক্ষিত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছানির্ভর প্রশাসনিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।