অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

  • চুরি-ছিনতাই থেকে শুরু করে মাদক কেনাবেচা— সবই হয় 
  • সর্বশেষ যুক্ত ককটেল বিস্ফোরণ
  • নিরাপত্তাকর্মীরাই নিরাপত্তাহীনতায়
  • প্রশাসনের ব্যর্থতা দেখছেন শিক্ষার্থীরা
১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © লোগো

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই যাদের দায়িত্ব, ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে গিয়ে তারাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধ প্রতিরোধে এগিয়ে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিমের সদস্য। নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক কর্মীর শরীরেও এখনো দৃশ্যমান ছুরিকাঘাতের ক্ষতচিহ্ন। হামলার শিকার হয়েও কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরই যখন নিজেদের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে, তখন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।

দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছিনতাই, চুরি ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ককটেল বিস্ফোরণের আতঙ্ক। গত ৮ থেকে ১০ নভেম্বর টানা তিন দিনে ক্যাম্পাসের অন্তত ১১টি স্থানে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়। এসব ঘটনায় কয়েকজন পথচারী আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পরিস্থিতির কারণে নিরাপত্তাশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। সব মিলিয়ে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা ও প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার নিরাপত্তাকর্মীরাই
গত ৭ ডিসেম্বর রাতে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় মাদকবিরোধী অভিযান ও ক্যাম্পাসে টহল দেওয়ার সময় প্রক্টর টিমের সদস্য জুয়েল রানা এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কর্মচারী হুমায়ুন আহমেদ ছুরিকাঘাতে আহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, অভিযানের সময় বহিরাগতদের হামলায় তারা আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে জুয়েল রানা জানান, ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে স্যার এ এফ রহমান হলের সামনে এক বহিরাগতের সঙ্গে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় লাঠিসোঁটা দিয়ে মারধরের ঘটনাও ঘটে।

ক্যাম্পাসে ককটেল

জুয়েল রানা পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনছিলেন। প্রক্টর টিমের সদস্য হিসেবে পরিস্থিতি জানতে এগিয়ে গেলে মুখে কাপড় বাঁধা এক ব্যক্তি তাকে ছুরি দিয়ে আঘাত করেন। কিছুটা সরে যাওয়ায় ছুরিটি বুকে না লেগে পিঠ ও হাতে লাগে। এরপর ওই ব্যক্তি আবার ছুরিকাঘাতের চেষ্টা করেন এবং তাকে ধাওয়া করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েল নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তার শরীরে ১৬টি সেলাই দেন।

জুয়েল রানা আরো বলেন, একই ব্যক্তি মুহসীন হলের সামনে এক ভিক্ষুককেও ছুরিকাঘাত করেছিলেন। ঘটনার পর তিনি লিখিত বক্তব্য দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও অবস্থান নিয়েও আলোচনা হয়েছিল। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তৎকালীন প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

ক্যাম্পাসের চারপাশ থেকে উন্মুক্ত হওয়ায় এবং অনেক সড়ক ও ফুটপাত ডিএনসিসির আওতাধীন থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে-অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভিসি (প্রশাসন), ঢাবি

ঘটনার প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম বলেন, সেদিন জুয়েল তার দোকান থেকে চিরুনি কিনছিলেন। তখন পাশের হুমায়ুনের দোকানে ঝামেলা শুরু হয়। তিনি হুমায়ুন ও কিশান নামের একজনকে দৌড়ে পালাতে দেখেন। পরে জানতে পারেন, কিশানকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। জুয়েল কী হয়েছে জানতে এগিয়ে গেলে আরেক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন। পরে জুয়েল পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তি ছুরি নিয়ে তাকে ধাওয়া করেন।

শুধু প্রক্টরিয়াল টিমের সদস্য নন, প্রবেশপথে দায়িত্ব পালন করতে গিয়েও হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ওমর ফারুক। তিনি জানান, ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে স্থাপিত নিরাপত্তা বক্সগুলোয় পালাক্রমে দায়িত্ব পালন করেন তারা।

২০২৫ সালের শেষ দিকে রাস্তা বন্ধ রাখা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়া নিয়ে উত্তেজনার মধ্যে এক রাতে প্রবেশপথে দায়িত্ব পালনকালে কয়েকজনকে প্রশ্ন করেছিলেন তিনি। তখন তারা বলেন, ‘আমরা এখানের স্টুডেন্ট, কোন সাহসে জিজ্ঞেস করিস।’ এরপর তাকে কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়। এখনো তার মুখ ও বুকে আঘাতের দাগ রয়েছে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণে রক্তাক্ত এক গাড়িচালক

ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও আগের প্রশাসন উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। এ ধরনের ঘটনার পর নিরাপত্তাকর্মীদের প্রত্যেককে একটি করে লাঠি ও বাঁশি দেয়া হয়েছে। কিন্তু এগুলো দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হামলার ঘটনা মেনে নিয়েই কাজ করতে হয়। নিজেদের সামর্থ্যের মধ্যে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ছিনতাই-চুরির পর নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ
নিরাপত্তাকর্মীদের ওপর হামলার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপরও বাড়ছে অপরাধের ঘটনা। দিনের আলোয় অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়া, শিক্ষার্থীদের মুঠোফোন ও স্বর্ণালংকার লুট, রাতে মারধর করে অর্থ-সম্পদ কেড়ে নেয়া এবং রিকশাচালকদের অচেতন করে রিকশা চুরির মতো ঘটনা ঘটছে ক্যাম্পাসে।

গত ৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনের অংশ, সংলগ্ন প্রশাসনিক ভবনের পাশ, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, জগন্নাথ হলের সামনে, ফজলুল হক মুসলিম হলের সামনের সড়ক, মধুর ক্যানটিন ও ডাকসু ভবনসংলগ্ন এলাকা এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়কে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় টিএসসি ও জগন্নাথ হল এলাকা থেকে পালানোর সময় তিনজনকে আটক করেন শিক্ষার্থীরা। তারা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

শিক্ষকের ব্যক্তিগত গাড়িতে বিস্ফোরণ

পরদিন ৯ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৬টা ৫৫ মিনিটের মধ্যে টিএসসিসংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ও রাজু ভাস্কর্যের সামনে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল ও সোহরাওয়ার্দী উদ্যানের গেটসংলগ্ন এলাকা থেকে দুজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হলেন আবদুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবের সালেহিন দীপু (২৭)। তাদের কাছাকাছি একটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। পরে দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

একই রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের অশ্বত্থগাছের নিচে একটি লাল প্লাস্টিকের বাক্স উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। বাক্সের ভেতরে ফুল ও একটি চিঠি ছিল। চিঠিতে ‘November Rain’ শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে হুমকি দেয়া হয়। রাজনৈতিক কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আলটিমেটামও দেয়া হয়েছিল ওই চিঠিতে।

১০ নভেম্বর রাত ১২টার পর চানখাঁরপুলের জনতা ব্যাংক এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই দিন কলাভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে বিস্ফোরণ ঘটে। এতে ব্যবসায় শিক্ষা অনুষদের এক অধ্যাপকের গাড়িচালক সোহেল (৩৬) স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। এছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২ নম্বর গেটসংলগ্ন পলাশী এলাকায় একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাটল বাসের চালকসহ তিন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক নিরাপত্তা টিম চাওয়া হবে- অধ্যাপক ড. ইসরাফিল রতন, প্রক্টর, ঢাবি

ককটেল বিস্ফোরণ ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-১ শাখার সেকশন কর্মকর্তা নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমান উল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়ে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। একই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ, আমান উল্লাহ ১০ নভেম্বর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলা সৃষ্টিতে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মচারীদের অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। ঘটনার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত এবং তার মুঠোফোনও বন্ধ রয়েছে। অন্যদিকে নিপু ইসলাম তন্বী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন কর্মকর্তা। তিনি শামসুন নাহার হল ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ওই হল থেকে ছাত্রলীগের প্যানেলের প্রতিনিধি ছিলেন। আমান উল্লাহ স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সহকারী প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। প্রশাসনের শোকজ নোটিশের পর থেকে তারা পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছিনতাই-চুরি যেন নিয়মিত ঘটনায় পরিণত
ককটেল বিস্ফোরণের আগে থেকেই ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ছিল। গত ১০ মে দুপুর ১২টা ২৫ মিনিটে টিএসসিসংলগ্ন জনতা ব্যাংকের এটিএম বুথের সামনে ব্যাংক থেকে টাকা তুলে অটোরিকশায় ওঠার সময় এক ব্যক্তির পথ আটকে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় দুই দুর্বৃত্ত। এ ঘটনার পর ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ক্যাম্পাসের প্রবেশপথগুলোয় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকার বিষয়টি তুলে ধরেন।

ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার নিরাপত্তাকর্মীরাই

এর আগে ২৫ জানুয়ারি রাতে সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের চার শিক্ষার্থী সৌরভ, নিয়াজ, পারভেজ ও মাহির ছিনতাইয়ের শিকার হন। ছুরির মুখে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় একজন আহত হন। পরে এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী আরিফ ফয়সালের জড়িত থাকার অভিযোগ ওঠে।

১৪ জুলাই দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে এক লাখ টাকার বেশি ছিনিয়ে নেয়া হয়। একই দিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন রাত ১টা পর্যন্ত ভিসি চত্বর, মল চত্বর ও শাহবাগ এলাকায় বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন শিক্ষার্থীকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়া হয়। তাদের মোটরসাইকেলও আটকে রাখা হয়। ভুক্তভোগী আবদুর রহিম সাজিদ ১৭ জুলাই শাহবাগ থানায় মামলা করেন। মামলায় ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

১৬ জুলাই রাত ১টা ৫০ মিনিটে টিএসসিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে এসে রোকেয়া হলের পাশে ব্যক্তিগত গাড়ি রেখে যান এক ব্যক্তি। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে গাড়িটি আর পাননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিন ব্যক্তি গাড়িটি চুরি করেছেন। তাদের মধ্যে দুজন মোটরসাইকেলে ছিলেন এবং একজন চুরি করা গাড়িটি চালিয়ে নীলক্ষেতের দিকে চলে যান। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত ১১ সেপ্টেম্বর শামসুন নাহার হলের বিপরীতে প্রভোস্ট ভবনের সামনের সড়কে এক রিকশাচালককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার রিকশাটিও ছিল না। পরে প্রভোস্টিয়াল টিম ও শাহবাগ থানা-পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মুহসীন হল মাঠসংলগ্ন গেটের কাছে চলন্ত শাটলে থাকা এক ছাত্রীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি। এতে ওই ছাত্রীর কান থেকে রক্তপাত হয়। ঘটনার পর শাটলের পাশে লাল ফিতা বেঁধে দেওয়া ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিপরীতে, শামসুন নাহার ও রোকেয়া হলের মধ্যবর্তী ফুটপাতে আরেক রিকশাচালককে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অচেতন করার জন্য তাকে চেতনানাশক জাতীয় কিছু ব্যবহার করে রিকশাটি নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সামনের সড়কে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্যার এ এফ রহমান হল ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের মধ্যবর্তী সড়কে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওই শিক্ষার্থীর পথ আটকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুঠোফোন নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাড়ে চার বছরে ৩১১ সাইকেল চুরি, উদ্ধার হয়নি একটিও
ক্যাম্পাসে সাইকেল চুরির ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৩১১টি সাইকেল চুরি হয়েছে। এসব সাইকেলের একটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করতে পারেনি। চুরি হওয়া সাইকেলগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৫৭টি, ২০২৩ সালে ৫১টি, ২০২৪ সালে ৫৮টি, ২০২৫ সালে ১০৭টি এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৮টি সাইকেল চুরি হয়েছে। সবচেয়ে বেশি সাইকেল চুরির ঘটনা ঘটেছে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। সেখানে ২৯টি সাইকেল চুরি হয়েছে। এছাড়া বিজয় একাত্তর হল ও মুহসীন হল এলাকায় ২৫টি করে, শহীদুল্লাহ হল এলাকায় ২৩টি, কলাভবনের সামনে ২২টি এবং জগন্নাথ হল এলাকায় ২১টি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

নিরাপত্তাশঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন চীনা শিক্ষার্থীরা
ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ইতিমধ্যে চীনে ফিরে গেছেন। বাকি ছয়জনের ১৩ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

১১ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি অনুষ্ঠানে বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। একই দিন সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার।

উপাচার্য বলেন, ‘গতকাল ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে দুই বিদেশি শিক্ষার্থী আজ সকালে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। সকালে তারা আমাকে জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন। এই বিশ্ববিদ্যালয় আমরা চাই না।’

চীনের ওই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাদের কোর্স শেষ করার কথা ছিল। তবে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ায় কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকেই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন।

প্রশাসনের ব্যর্থতা দেখছেন শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা
ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, টিএসসিতে প্রতিদিন ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সন্দেহভাজনদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা টিএসসিতে বসে চা খেতেও ভয় পাচ্ছেন।

তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। একই সঙ্গে রাষ্ট্রও এ দায় এড়াতে পারে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগেই এ ধরনের ঘটনা ঘটছে। ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হলের সামনে ককটেল বিস্ফোরণের সময় তিনি মাত্র পাঁচ মিনিট আগে হলে প্রবেশ করেছিলেন। সিঁড়িতে পা রাখার পরই বিকট শব্দ শুনতে পান। গেটের কাছে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। তার ভাষ্য, ছেলে শিক্ষার্থীরা সন্দেহভাজনদের আটক করতে পারলেও নারী শিক্ষার্থীদের পক্ষে তা সম্ভব নয়। প্রয়োজন হলেও হল থেকে বের হতে ভয় লাগে। কখন ককটেল এসে গায়ে পড়ে, এমন আতঙ্ক কাজ করে। নারী হলগুলোর বাইরে নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মহিউদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের নিরাপত্তায় কী ধরনের উদ্যোগ নেয়া হয়েছে, তা স্পষ্ট করতে পারেনি প্রশাসন। এতে মনে হচ্ছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশাসন আদৌ উদ্বিগ্ন নয়।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম (রাইয়ান) বলেন, গত তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানা ককটেল বিস্ফোরণ হয়েছে। এক্ষেত্রে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রশাসনের বর্তমান নাজুক অবস্থা ক্যাম্পাসে ছাত্রলীগের আস্ফালন প্রতিরোধেও ব্যর্থ হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি সদমান আবদুল্লাহ বলেন, ক্যাম্পাসে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। জগন্নাথ হলের কাছে আগের বিস্ফোরণের পর প্রশাসন জানিয়েছিল, সড়কের সিসিটিভি ক্যামেরাগুলো অকার্যকর। তাহলে ক্যামেরা স্থাপন করা হয়েছে কেন, যদি সেগুলো সচলই না থাকে?

তিনি আরো বলেন, ডাকসুর শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও প্রত্যাশিত ভূমিকা দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দেওয়া পোস্ট শিক্ষার্থীদের স্বার্থ ও বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ পরিস্থিতির দায় ডাকসুকেও নিতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হচ্ছে। প্রক্টর টিমের পক্ষ থেকেও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। ১৫ জুলাই ২০২৪ সালের হামলা এবং গত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হামলা, নির্যাতন ও গণরুম-গেস্টরুমে নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকে এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। প্রশাসন তাদের বিরুদ্ধে দৃশ্যমান জবাবদিহি নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিরাপত্তা জোরদারের আশ্বাস প্রশাসনের
ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক নিরাপত্তা টিম চাওয়া হবে। বহিরাগতদের প্রবেশ ও সন্দেহজনক যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি অচল সিসিটিভি ক্যামেরা মেরামত ও নিয়মিত পর্যবেক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এআই ক্যামেরার মাধ্যমে পুরো ক্যাম্পাস নজরদারির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চৌকি স্থাপন, সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ও কলাপসিবল গেট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ককটেল বিস্ফোরণে কর্মচারী আমান উল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। বিস্ফোরণে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারপাশ থেকে উন্মুক্ত হওয়ায় এবং ক্যাম্পাসের অনেক সড়ক ও ফুটপাত ডিএনসিসির আওতাধীন থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত দরপত্র প্রক্রিয়াও ইউজিসির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা প্রহরীদের জন্য বিশেষ নির্দেশনা
ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধির কারণে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে কর্মরত সকল নিরাপত্তা প্রহরীদের জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধির কারণে ক্যাম্পাসের অভ্যন্তরে চুরিসহ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কর্মে শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত পোশাক পরিধান করে সঠিকভাবে কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল নিরাপত্তা প্রহরীকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। অন্যজনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কেউ নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি পরবর্তী দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তা অবগত করতে হবে।

এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহজনক ব্যক্তি বা অনুরূপ কোনো প্রকার কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে তা সংশ্লিষ্ট অফিস প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।

বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950