ঢাকা বিশ্ববিদ্যালয়

কলা অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত ডিন

১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ PM
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার

কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের তিনটি বিভাগে নিয়মিত চেয়ারম্যান না থাকায় একাই এসব বিভাগের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন অনুষদটির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিভাগ তিনটি হলো-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও সংস্কৃত বিভাগ। এর মধ্যে সংস্কৃত ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দীর্ঘদিন ধরে নিয়মিত চেয়ারম্যান নেই। 

সর্বশেষ গত ১১ নভেম্বর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের তিন বছর মেয়াদ শেষ হওয়ায় বিভাগটির দায়িত্বও ডিনের ওপর বর্তেছে। ফলে নিজের দায়িত্বের পাশাপাশি একসঙ্গে তিনটি বিভাগের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সামলাতে হচ্ছে তাকে। অন্যদিকে, নিয়মিত চেয়ারম্যান না থাকায় বিভাগগুলোর স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময়ে তিন উপাচার্যের পরিবর্তন হলেও দীর্ঘ সময়েও এ সংকটের স্থায়ী সমাধান হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন বিভাগের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নিয়মিত চেয়ারম্যান ছাড়াই চলছে সংস্কৃত বিভাগ। বিভাগটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ময়না তালুকদারের মেয়াদ শেষ হওয়া এবং তার বিদেশে যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিকে অধ্যাপক ড. সঞ্চিতা গুহকে পরবর্তী চেয়ারপার্সন হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ২০২৫ সালের ৪ জানুয়ারি তাঁর নিয়োগ স্থগিত করা হয়। এরপর থেকে বিভাগটির নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য কলা অনুষদের ডিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস গত ৬ জানুয়ারি মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। পরে ৮ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে একদল শিক্ষার্থী উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। পরবর্তী সময়ে বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলেও তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাওয়ায় পদটি আবারও শূন্য হয়। এরপর থেকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে বিভাগটির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ গত ১১ নভেম্বর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এতে বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশীদকে তার দায়িত্ব কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়। ২০২৩ সালের ১২ নভেম্বর থেকে তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করা ড. মুমিত আল রশীদের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিভাগটির দায়িত্বও ডিনের ওপর বর্তায়। একই দিন সকাল ১০টায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

তবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে চেয়ারম্যান নিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিভাগের জ্যেষ্ঠতা অনুযায়ী চেয়ারম্যান হওয়ার কথা ছিল সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর। দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক কিংবা দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্ন না থাকলেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে জুলাই বিরোধী হিসেবে আখ্যা দিয়ে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকসহ বিভাগের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অজ্ঞাতনামা একটি চিঠিকে কেন্দ্র করে ড. আহসানুল হাদীর বিরুদ্ধে জুলাই বিরোধী অবস্থান, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এমনকি তাকে চেয়ারম্যান করা হলে শিক্ষার্থীরা মব সৃষ্টি করতে পারে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশঙ্কার কথা জানানো হয়েছে। 

তবে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। শেষ পর্যন্ত তাকে দায়িত্ব না দিয়ে একই বিভাগের শিক্ষক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

চেয়ারম্যান না থাকায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও ভোগান্তির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। সংস্কৃত বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘চেয়ারম্যান না থাকার প্রভাব শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নয়, একাডেমিক কার্যক্রমেও এর প্রভাব পড়ছে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাহি আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বিভাগে চেয়ারম্যান নেই। প্রয়োজনীয় কোনো কাজে স্বাক্ষরের প্রয়োজন হলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কখনো কখনো এক-দুই দিনও অপেক্ষা করতে হয়। এ ছাড়া একাডেমিক কিংবা শিক্ষার্থীদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে তা সমাধানের জন্যও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।’

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ‘ডিনের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনটি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে একাডেমিক কার্যক্রম, সিএনডি মিটিংসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে প্রতিদিনই অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগগুলোর শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। তারাও নিজ নিজ বিভাগ থেকেই চেয়ারম্যান নিয়োগের পক্ষে মত দিয়েছেন। এখন ডিন দায়িত্বে আছেন। আমরা শিগগিরই বিভাগ থেকে চেয়ারম্যান দেওয়ার চেষ্টা করব। আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।’

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950