ঢাবিতে ককটেল বিস্ফোরণ
কর্মচারী আমান উল্লাহ আমান © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আমান উল্লাহ আমানকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন আমান। তার দাবি, বিস্ফোরণের সময় তিনি দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকার নিজ বাসায় ছিলেন। এমনকি নিজের অবস্থানের পক্ষে সিসিটিভি ফুটেজ থাকার কথাও জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার (১১ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব দাবি করেন আমান। পোস্টে ঘটনার দিন নিজের দাপ্তরিক কার্যক্রম, চলাচল ও অবস্থানের বিস্তারিত বিবরণ তুলে ধরে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় ককটেল নিক্ষেপের সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। ফলে ওই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে আমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়।
আমান উল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিয়ে সক্রিয় ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে আমান জানান, ঘটনার দিন ১০ নভেম্বর সকাল ৯টায় তিনি যথারীতি অফিসে উপস্থিত হন। পরে অফিসপ্রধান এস্টেট ম্যানেজার ফাতিমা বিনতে মোস্তফার নির্দেশে সহকারী এস্টেট ম্যানেজার আব্দুর রহিম, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান ও পিয়ন সুজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাসংক্রান্ত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন।
তিনি দাবি করেন, দায়িত্বের অংশ হিসেবে প্রথমে ইন্টারন্যাশনাল হল ও প্রভোস্ট কমপ্লেক্স, এরপর ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন, ডাকসু ও মধুর ক্যান্টিনসহ শাহবাগ থেকে দোয়েল চত্বর, কার্জন হল, মল চত্বর ও মুকাররম ভবন এলাকায় যান। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনার ছবি ধারণ এবং প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে দুপুর ১টা ১০ মিনিটে অফিসে ফেরেন।
আমানের দাবি, দুপুর ১টা ২১ মিনিটে তিনি দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকার নিজ বাসায় প্রবেশ করেন এবং সেখান থেকে বের হন দুপুর ২টা ৪৯ মিনিটে। তার ভাষ্য, এ সময়ের সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট ফুটেজ পর্যালোচনা করলেই তাঁর অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় দুপুর ২টা ১০ মিনিটে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। অথচ ওই সময় তিনি বাসায় ছিলেন। তাই ওই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ কীভাবে আসে, সে প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে আমান আরও জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে নিরাপত্তা কর্মকর্তা মনির তাকে ফোন করে অফিসে আসতে বলেন। ফোন পাওয়ার পর ২টা ৪৯ মিনিটে বাসা থেকে বের হয়ে অফিসে যান তিনি। পরে নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দাপ্তরিক প্রয়োজনে ঢাকা শিক্ষা বোর্ডে যান। সেখান থেকে বিকেল পৌনে চারটার দিকে অফিসে ফেরেন। এরপর এস্টেট ম্যানেজারের ফোন পেয়ে উপাচার্যের কার্যালয়ে গেলে সেখানে শিবিরের নেতাকর্মীদের আন্দোলন দেখতে পান। পরিস্থিতি বিবেচনায় সেখান থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন বলে দাবি তার।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে আমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেননি, কাউকে সহযোগিতাও করেননি এবং এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তার সারাদিনের অবস্থান ও চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য, অফিসের রেকর্ড, ফোনকলের তথ্য এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাচাই করা সম্ভব বলেও দাবি করেন তিনি।
আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে আমান ঘটনার দিনের সার্বিক কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত, দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, ফোনকলের তথ্য যাচাই এবং তার সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণের আবেদন জানিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি ও চাকরিসংক্রান্ত বিষয়ে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।
পোস্টের শেষে আমান বলেন, তিনি কোনো অন্যায় সুবিধা চান না; বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও নির্দোষিতা প্রমাণের সুযোগ চান। তার কর্মজীবনের সম্মান, সামাজিক মর্যাদা ও পরিবারের জীবিকা এই চাকরির সঙ্গে জড়িত উল্লেখ করে পূর্বধারণা বা পক্ষপাতের ঊর্ধ্বে উঠে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।