নিপু ইসলাম তন্বী ও মোহাম্মদ আমানুল্লাহ © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার মিসেস নিপু ইসলাম তন্বী এবং কর্মচারী হলেন এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। এর মধ্যে তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালের ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে শামসুন নাহার হল থেকে ছাত্রলীগ প্যানেলের প্রতিনিধি হিসেবে আলোচিত ছিলেন তন্বী। অন্যদিকে আমান সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী ছিলেন তিনি ।
এদিকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।