চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজতর করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটেরও মেডিকেল সংস্কার নিয়ে ইশতেহার ছিল। সেই উপলক্ষ্যে আজকে আমাদের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে হস্তান্তর করলাম। আমরা মনে করি এর মধ্যে দিয়ে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হলো।
তিনি আরও বলেন, আমরা এর মধ্যে মেডিকেলে লজিস্টিক সাপোর্ট, বিশেষায়িত ডাক্তারের বিষয়ে বারবার প্রশাসন এবং মেডিকেলের পরিচালকের সাথে বসেছি। আশা করি মেডিকেলটি খুব দ্রুতই পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। আমরা ইশতেহারে বলেছিলাম এখানে যেন ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল করা হয়। আশা করি এই প্রশাসনের হাত ধরেই সেটি বাস্তবায়ন হবে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থীদের জন্য দিয়েছি। শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে মেডিকেল সেন্টারের সমস্যা। এই সমস্যা উন্নতির জন্য আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। আমরা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের উদ্দেশেই এই উপহারটা দিলাম।
তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাচ্ছি যে, এ কাজগুলো করা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই কাজগুলোতে এগিয়ে আসে। শিক্ষার্থীদের কষ্টগুলো যেনো প্রশাসন বারবার দেখে। প্রতিষ্ঠার এত বছর পরও একটা পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বড় ব্যর্থতা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল অনেক কাছে হওয়ায় আমাদের সবসময় যাতায়াতের মধ্যেই থাকতে হয়। অনেক সময় দেখা যায় একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের সংকট দেখা যায়। এখন নতুন যে অ্যাম্বুলেন্সটি যুক্ত হলো এটাতে প্রশাসন একটা ড্রাইভার নিয়োগ দিলেই আমাদের আর সংকট থাকবে না। আমি তাদের পক্ষ থেকে একটা উপহার পেয়েছি এটা অবশ্যই শিক্ষার্থীদের কাজে লাগবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্যরা।