৫৪তম আবর্তনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘চতুঃপঞ্চাশী’র আয়োজন © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম আবর্তনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘চতুঃপঞ্চাশী’র আয়োজনে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় রঙ উৎসব, ১১টায় সম্মানিত অতিথিদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন, সাড়ে ১১টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ফ্ল্যাশমব এবং দুপুর ১২টায় কেক কাটার আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আগের রাতে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ থেকে মুক্তমঞ্চ পর্যন্ত সড়কে আলপনা আঁকেন ৫৪তম আবর্তনের শিক্ষার্থীরা। এতে আবর্তনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজক দলের সদস্য ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী রিদোয়ানা ইসলাম বলেন, ‘প্রথম বর্ষপূর্তি হিসেবে আয়োজনটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। আয়োজন করতে গিয়ে কিছু ভুল-ত্রুটি থাকলেও দিনশেষে সবগুলো পর্ব সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ৫৪তম আবর্তনের বন্ধুরা সময়, শ্রম ও মানসিকভাবে যে সহযোগিতা করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র ব্যাচ হিসেবে এক বছর পূর্ণ করা আমাদের জন্য একটি মাইলফলক। এই সময়ে আমরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে পরিচিত হয়েছি। বর্ষপূর্তির আয়োজনের মধ্য দিয়ে সেই অভিজ্ঞতারই প্রকাশ ঘটেছে।’
গণিত বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী মো. রাকিব মোল্লা বলেন, ‘প্রথম বর্ষপূর্তি শুধু একটি বছর পূর্ণ হওয়ার উদযাপন নয়, এটি আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও একসঙ্গে পথচলার উদযাপন। দিনের আয়োজনগুলোর মধ্যে র্যালিটি আমার সবচেয়ে ভালো লেগেছে। ব্যাচের সবাইকে একসঙ্গে আনন্দ করতে দেখে খুব ভালো লেগেছে। এই ক্যাম্পাস আমার কাছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, আবেগ ও অসংখ্য স্মৃতির ঠিকানা।’
আয়োজকরা জানান, প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা থাকবে।
এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’।