জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও লোগো © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু করেছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এমন তথ্য প্রচার হলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, প্রচারিত তথ্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ও আজ (১৮ ও ১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে জাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু হয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়ে। প্রচারিত ফটোকার্ড ও সংবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। তবে এসব মাধ্যমে প্রকাশিত তথ্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসুর সভাপতি হিসেবে বৃহস্পতিবার জাকসুর সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের সভায় অংশ নেন। সভায় জাকসুর পক্ষ থেকে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট তৈরির তথ্য জানানো হয়।
এ সময় উপাচার্য জাকসুর নেতৃবৃন্দকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট তৈরির এখতিয়ার জাকসুর নেই। জাকসুর এ-সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে। ফলে সিন্ডিকেটে গঠিত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগে জাকসুর তৈরি শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট উপাচার্যের গ্রহণ করার সুযোগ নেই। এ বিষয়ে সঠিক তথ্য প্রচার না হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা অপ্রত্যাশিত।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।