ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন অভিযোগ © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১ হাজার ডাস্টবিন স্থাপনের জন্য ডাকসুর করা আবেদন অনুমোদন হলেও সরকার পরিবর্তনের পর তা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন। তার অভিযোগ, ডাকসুর উদ্যোগটি বাতিল করে ছাত্রদলকে দিয়ে আবার স্মারকলিপি দিয়ে সেটা বাস্তবায়ন করে ছাত্রদলকে ক্রেডিট দেওয়ার আয়োজন করছে সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
এদিকে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে ২০০টি ডাস্টবিন সরবরাহের উদ্যোগের কথা প্রশাসনকে জানিয়েছে ঢাবি ছাত্রদল।
রায়হান উদ্দিন অভিযোগ করে লেখেন, ‘তাহলে ডাকসুর ১০০০ ডাস্টবিন গেলো কোথায়? ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পাসে ১০০০ ডাস্টবিন স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো। মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে ফরওয়ার্ড করে। সিটি কর্পোরেশন এপ্রোভও করে। কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর সেটা বাতিল করে।’
ছাত্রদলের নতুন উদ্যোগের প্রসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, ডাকসুর আবেদন বাতিল করে ছাত্রদলকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি লিখেছেন, ‘আজকে ছাত্রদল ক্যাম্পাসে নতুনভাবে ডাস্টবিন স্থাপনের আবেদন নিয়ে প্রো-ভিসির সাথে সাক্ষাৎ করেছে। সম্ভবত বিএনপি প্রশাসন এবার বাস্তবায়ন করবে। এভাবেই চলছে রাজনীতি। ডাকসুর আবেদন বাতিল করা হবে। এরপর ছাত্রদলকে দিয়ে আবার স্মারকলিপি দিয়ে সেটা বাস্তবায়ন করে ছাত্রদলকে ক্রেডিট দেয়া হবে। বিএনপির শিক্ষা সম্পাদক ভালো রাজনীতি করতেছে! আপনাদেরকে জানিয়ে রাখলাম যে, ১০০০ ডাস্টবিন এপ্রোভ হয়েছিলো। এখন কম আসলে আপনারা বুঝে নিয়েন!’
এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে ঢাবি ছাত্রদল। এ জন্য ২০০টি ডাস্টবিন সরবরাহে সম্মত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে এ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় সংগঠনটি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।