ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা © টিডিসি ছবি

ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব গড়তে ছাত্রদলের ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ৩ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অংশ নেবে। ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 

সভায় ছাত্রদল নেতৃবৃন্দ ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, পরিচ্ছন্নতা, সবুজায়ন, ডেঙ্গু বিষয়ে সচেতনতা এবং অপরিকল্পিত ও অনুমোদনবিহীন স্থাপনা অপসারণসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরেন। তারা জানান, সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সমগ্র বিশ্ববিদ্যালয়ের চাহিদা বিবেচনায় ২০০টি ডাস্টবিন সরবরাহে সম্মত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে এ উদ্যোগ বাস্তবায়নে তারা এগিয়ে যেতে চান।

এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমকে বছরব্যাপী ও টেকসই কর্মসূচিতে রূপ দিতে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ছাত্রদল নেতৃবৃন্দ। তারা জানান, আগামী ৩ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘ক্লিন ডে’ কর্মসূচি পরিচালনা করা হবে।

উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। ২০০টি ডাস্টবিন স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করবে। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রমকে টেকসই করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, আগামী ৩ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অংশ নেবে। এ ছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট ও রাস্তা দখল করে থাকা বিভিন্ন অস্থায়ী স্থাপনা বা দোকান ব্যবস্থাপনার আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।

ক্যাম্পাসের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও সবুজায়নের অবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ক্যাম্পাসে মশক নিধন কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ছাত্রদলের প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আবাসিক এলাকাগুলোতেও মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

স্থাপনা নির্মাণ প্রসঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো স্থাপনা নির্মাণ বা মনুমেন্ট স্থাপনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। স্থাপনার ধরন, প্রয়োজনীয় স্থান, অর্থায়ন ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে। এর বাইরে কোনো স্থাপনা নির্মিত হয়ে থাকলে তা বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী পর্যালোচনা করা হবে।

সভায় উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদ এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬