শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি © টিডিসি সম্পাদিত
২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর)। এই নির্বাচনের বছরপূর্তিতে শিক্ষার্থীদের কাছে বিদায়ী বার্তা নিয়ে গেলেন ডাকসুর সহ-সভাপতি (ভিসি) সাদিক কায়েম।
শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন, ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রাখতে ডাকসু নির্বাচন নিয়মিত আদায়ের জন্য শিক্ষার্থীদের সরব থাকার আহ্বান এবং সর্বাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এই বিদায়ী চিঠি তুলে দেন সাদিক কায়েম।
গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায়।
চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
প্রিয় শিক্ষার্থীবন্ধু, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ। নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা পেরিয়ে আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসায় বিগত এক বছরে আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত রেখেছি।
বাধাবিপত্তি ও আঘাত সয়ে আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। বন্ধ হয়েছে গণরুম-গেস্টরুমের মতো দীর্ঘদিনের নিপীড়নমূলক সংস্কৃতি ফেরার পথ। একই সাথে পরিবহন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা, হলে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে ইতিবাচক রূপান্তরের সূচনা।
গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শান্তিপূর্ণ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের এই অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার। ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন। নিয়মিত ডাকসু নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকুক, সেই প্রত্যাশায়..