আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ PM
জাকসুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

জাকসুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন © টিডিসি ছবি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ আয়োজন। এতে ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশের থাকছে ৭০০টিরও বেশি চাকরির সুযোগ।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাকসুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান।
‎
সংবাদ সম্মেলনে ‎তিনি বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা। জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।’
‎
‎তিনি আরও বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এবার ৭০০টিরও বেশি শূন্যপদ রয়েছে। পরবর্তীতে আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় চাকরির সুযোগের সংখ্যা আরও বাড়তে পারে।
‎
‎জাকসু থেকে জানানো হয়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্যারিয়ার হাব, ব্র্যাক পরিচালিত। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এছাড়া সিলভার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।
‎
‎এবারের জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড এবং রিদম ব্লাড সেন্টারসহ আরও অনেক প্রতিষ্ঠান।
‎
‎আয়োজকরা জানান, দিনব্যাপী জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’। এতে করপোরেট খাতের খ্যাতিমান বক্তারা ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
‎
‎এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে বিনামূল্যে খাবার ও কফি, বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ।
‎
‎সংবাদ সম্মেলনে ফেরদৌস আল হাসান বলেন, ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬ শুধু একটি চাকরির মেলা নয়; বরং এটি শিক্ষার্থী ও তরুণ স্নাতকদের জন্য নিয়োগ, যোগাযোগ, ক্যারিয়ার শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পরিচিতির একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম।’
‎
‎এ আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত রয়েছে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান এবং ফেস দ্য পিপল।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950