চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে চারটি স্থায়ী চক্রাকার বাস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চাকসুর চার ঘণ্টা অবস্থান কর্মসূচির পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চাকসু নেতাদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেট থেকে বায়োলজি পর্যন্ত চলাচল করবে। এসব বাসে শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে।’
এ সময় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন বলেন, ‘আমাদের এখানে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা। এখন রাত হয়েছে, শিক্ষার্থীদের আসলে হলে ফিরে যাওয়া উচিত। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে স্থায়ীভাবে চারটি বাস চালু থাকবে।’
প্রসঙ্গত, এর আগে রাত ৯টায় ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীকালে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জিরো পয়েন্টে প্রধান ফটক বন্ধ ও ২ নম্বর গেটে তালা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।