ঢাবিতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ৪ দাবি ডাকসুর

১৩ আগস্ট ২০২৬, ০৮:১০ PM
 ডাকসুর পক্ষ থেকে প্রক্টরকে স্মারকলিপি

ডাকসুর পক্ষ থেকে প্রক্টরকে স্মারকলিপি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরের কাছে ৪ দাবিতে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও সিনেট সদস্য সাবিকুন নাহার তামান্না এবং কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার   প্রক্টরের কাছে এ স্মারকলিপি জমা দেন। 

স্মারকলিপিতে চারটি বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ডাকসু সদস্যরা। 

স্মারকলিপিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপর্যাপ্ত আলোক ব্যবস্থা, বহিরাগত ও ভবঘুরেদের অবাধ বিচরণ এবং পর্যাপ্ত নজরদারির অভাব নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবাসিক হলগুলোর আশপাশে সন্ধ্যা ও রাতের সময় চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, একজন শিক্ষার্থী যেন দিনের ও রাতের যেকোনো সময় নিরাপদে এবং নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই।

ডাকসু প্রতিনিধিরা বলেন, নিরাপদ ক্যাম্পাস শিক্ষার পরিবেশের একটি মৌলিক শর্ত। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

দাবিগুলো হলো- শামসুন নাহার হল ও রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি দ্রুত সংস্কার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা; শামসুন নাহার হলের বাইরের গেটসংলগ্ন নষ্ট লাইটগুলো দ্রুত মেরামত ও প্রয়োজন হলে নতুন লাইট স্থাপন করা; কবি সুফিয়া কামাল হল ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বহিরাগতদের আড্ডা ও উৎপাত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; সন্ধ্যা ও রাতে পুরো ক্যাম্পাস এবং আবাসিক হলগুলোর আশপাশে প্রক্টরিয়াল টিমের টহল বৃদ্ধি করা।  

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬