অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ঘুমের মধ্যে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন। উন্নত চিকিৎসার জন্য রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোক করেন সাইমন। বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
সায়মনের সহপাঠী সৌরভ বলেন, আমার বন্ধু জাহিদুল ইসলাম সায়মন সকালে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে সে খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন তাকে তুলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাই এবং ইমার্জেন্সিতে ভর্তি করাই। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না তার কী সমস্যা হয়েছে। পরে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। স্যাররা দেখে জানান, সে স্ট্রোক করেছে। এর আগেও সে দুইবার স্ট্রোক করেছিল। এরপর স্যাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে এখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আমাকে জানানোর পর তাৎক্ষণিক আমরা আইসিইউর ব্যবস্থা করি। ডাক্তার যারা ছিলেন তারা দেখাশোনা করেছেন। উনারা অ্যানালাইসিস করে বলেছিলেন যে আরও উন্নত চিকিৎসার জন্য জরুরি ঢাকায় স্থানান্তর করা দরকার। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভালো চিকিৎসা আছে। এটি বাই রোডে রিস্ক হয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিলাম এয়ারে করে ঢাকায় স্থানান্তর করব। তার জন্য সবাই দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।