রাবিতে ভবন-স্থাপনার নাম পরিবর্তন অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রফ্রন্ট

২৪ মে ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৫০ PM
ছাত্রফন্টের লোগো

ছাত্রফন্টের লোগো © সংগৃহীত

গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের ৫৩৯তম সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই নাম পরিবর্তনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক  ছাত্রফ্রন্ট 

আজ শনিবার (২৪ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ১২টি স্থাপনার নাম পরিবর্তন সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের স্থাপনার নামকরণ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লড়াইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র অংশীজন প্রশাসন নয়, এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ রয়েছেন। তাই নাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত সকলের অংশগ্রহণেই হওয়া উচিত। একই সঙ্গে উল্লেখ্য যে, সরকারি সিদ্ধান্তে নাম পরিবর্তনের বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর সরকারের স্পষ্ট হস্তক্ষেপ। 
নেতৃবৃন্দ বলেন, ড. কুদরত-ই-খুদা, ড. ওয়াজেদ আলী, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলীর নামাঙ্কিত ভবনগুলোর নাম কেন পরিবর্তনের প্রয়োজন পড়লো তা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করেনি। উল্লিখিত প্রথম দু’জন বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরের তিনজন মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনোভাবেই আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। এটি এ দেশের মানুষের রক্তস্নাত অর্জন এবং দল-মতের ঊর্ধ্বে একটি সর্বজনীন বিষয়। নোংরা রাজনৈতিক মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে নাম পরিবর্তনের এসব অপচর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা নানারকম সংকটের সম্মুখীন হবো।

আরও পড়ুন: মুন্নি সাহা ও তার প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নেতৃবৃন্দ আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর সারাদেশের বিভিন্ন স্থাপনা থেকে– যারা জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে তাদের নামাঙ্কিত স্থাপনাসমূহের নাম পরিবর্তনের কথা ওঠে। নিঃসন্দেহে এটি দীর্ঘদিনের চাপা ক্ষোভের যৌক্তিক বহিঃপ্রকাশ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, খুলনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপনা থেকে বহু গুণীজনদের নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন করে এই স্থাপনাগুলোকে স্বাধীনতা বিরোধী, বিতর্কিত নানা ব্যক্তি, সমাজপ্রগতিতে যাদের অবদান নেই – সে সমস্ত ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। এই নাম পরিবর্তন এবং পরিবর্তিত নাম নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনের আরও অধিকতর সচেতন হওয়া উচিত। কেননা বিভিন্ন স্থাপনার নামকরণ আমাদের ইতিহাস চেতনার পরিচয় বহন করে।

নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, এইসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান– সামনের দিনে মওলানা ভাসানী, বেগম রোকেয়া, মাস্টারদা’ সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ড. জামাল নজরুল ইসলাম, শহিদ জননী জাহানারা ইমাম, শহিদ রুমী, শহিদ আসাদ, শহিদ আবু সাঈদ সহ দেশবিদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা জ্ঞানবিজ্ঞান চর্চায়, গণতান্ত্রিক আন্দোলনে এবং সমাজপ্রগতিতে ভূমিকা রেখেছেন তাঁদের নামে যেন ভবন এবং স্থাপনাসমূহের নামকরণ করা হয়। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় পুনঃনামকরণ বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানান রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম রাখা হয়েছে বিজয়-২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল হয়েছে জুলাই-৩৬ হল।
এছাড়া, সৈয়দ নজরুল প্রশাসন ভবন এখন প্রশাসন ভবন-১, সৈয়দ মনসুর আলী প্রশাসন ভবন হয়েছে প্রশাসন ভবন-২। তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন হয়েছে শুধু সিনেট ভবন। শেখ কামাল স্টেডিয়াম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবন এখন জাবির ইবনে হাইয়ান ভবন, আর ড. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবন হয়েছে জামাল নজরুল ভবন। কৃষি অনুষদ ভবন এর নতুন নাম কৃষি ভবন। শেখ রাসেল মডেল স্কুল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল। কাজলা গেইট এর নামকরণ হয়েছে শহীদ সাকিব আঞ্জুম গেইট এবং বিনোদপুর গেইট এর নতুন নাম শহীদ আলী রায়হান গেইট।

প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
আজ ফের বসছে সংসদ অধিবেশন, থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্য…
  • ১৫ মার্চ ২০২৬
ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রে…
  • ১৫ মার্চ ২০২৬
দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081