রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্য বিলাচ্ছে আগুনরঙা কৃষ্ণচূড়া

০৫ মে ২০২৪, ১১:০৭ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূড়ার সৌন্দর্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূড়ার সৌন্দর্য © টিডিসি ফটো

নয়নাভিরাম কৃষ্ণচূড়ার রাঙা ফুলের মায়ায় জড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চোখ ধাঁধানো টকটকে সিঁদুর লাল কৃষ্ণচূড়ার রক্তিম সাজে সজ্জিত হয়েছে ক্যাম্পাসের সব জায়গা। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহেও পুরো ক্যাম্পাস যেন কৃষ্ণচূড়ার লাল রঙে রেঙেছে। সবুজ মতিহারের ৭৫৩ একরে গাঢ় লালের বিস্তার যেন বাংলাদেশের সবুজ প্রান্তরে রক্তিম সূর্যের প্রতীক আর বাংলাদেশের জাতীয় পতাকারই প্রতিনিধিত্ব করছে। কৃষ্ণচূড়া যেন সূর্যের সবটুকু উত্তাপকে শুষে নিয়ে সৌন্দর্যের এক অভিনব উত্তাপ ছড়াচ্ছে ক্যাম্পাসজুড়ে। সে মধুর উত্তাপেই পুড়ছে ক্যাম্পাসবাসী। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রকৃতিতে নীল আকাশের ক্যানভাসে জ্বলছে গাঢ় রক্তিম রঙ, এ যেন লাল রঙের এক মায়াবী ক্যানভাস। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন, পশ্চিমপাড়া এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, পরিবহণ মার্কেটে এনামুল ভাইয়ের চায়ের দোকানের উপরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেরেবাংলা এ. কে. ফজলুল হক হল, পূর্বপাড়া মসজিদের সামনের রাস্তার ধারে, বধ্যভূমি এলাকার পুকুর পাড়ে, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের পাশে এবং চারুকলা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রঙ ছড়াচ্ছে চোখ জুড়ানো কৃষ্ণচূড়া।

কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। ভিনদেশি এ গাছটি চমৎকার পত্রপল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য বিখ্যাত। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ, যা ‘গুলমোহর’ নামেও পরিচিত। কৃষ্ণচূড়া ফুলের বর্ণ-বৈচিত্র লক্ষণীয়। গাঢ় লাল, লাল, কমলা, হলুদ এবং হালকা হলুদের এক দীর্ঘ বর্ণালীতে বিস্তৃত এর পাপড়ির রঙ। প্রথম ফোটার উচ্ছ্বাস আস্তে আস্তে স্তিমিত হয়ে আসলেও বর্ষার শেষ পর্যন্ত কৃষ্ণচূড়ার গাছ থেকে ফুলের রেশ হারিয়ে যায় না। শুধু ফুল নয়, পাতার ঐশ্বর্যেও কৃষ্ণচূড়া অনন্য। এই পাতার সবুজ রঙ এবং সূক্ষ্ম আকৃতি অতিশয় আকর্ষণীয়। 

কৃষ্ণচূড়া মূলত লাল রঙে দেখতে হলেও উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, কৃষ্ণচূড়া তিন রঙের হয়ে থাকে। লাল, হলুদ ও সাদা। কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় কম (সর্বোচ্চ ১২ মিটার) হলেও শাখা-পল্লবে এটি বেশি অঞ্চলব্যাপী ছড়ায়। ফুলগুলো বড় চারটি পাপড়ি যুক্ত। যা প্রায় ৮ সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে। কৃষ্ণচূড়া জটিল পত্রবিশিষ্ট এবং উজ্জ্বল সবুজ। প্রতিটি পাতা ৩০-৫০ সেন্টিমিটার লম্বা এবং ২০-৪০টি উপপত্র-বিশিষ্ট। ভারতবর্ষে এপ্রিল-জুন সময়কালে কৃষ্ণচূড়া ফুল ফুটলেও পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় ভিন্ন।

কৃষ্ণচূড়ার এই রক্তিম সৌন্দর্যে বিমোহিত হয়ে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম বলেন, ফুল পছন্দ নয় এমন মানুষ খুব কমই পাওয়া যায়। এর মধ্যে কৃষ্ণচূড়া ফুল প্রায় সকলেরই পছন্দের। আমারও কৃষ্ণচূড়া খুবই পছন্দের একটা ফুল। ক্যাম্পাসে পড়াশোনার ব্যস্ততায় শত ক্লান্তিতেও কৃষ্ণচূড়ার রঙিন সৌন্দর্যে মুহুর্তেই মন ভালো হয়ে যায়। প্রেমময় এই ঋতুতে কৃষ্ণচূড়া ফুল যেন অপরূপ এক সৌন্দর্যের প্রতিচ্ছবি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শামসুল আরিফিন খান বলেন, এই গ্রীষ্মে কৃষ্ণচূড়া ফুল ক্যাম্পাসের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমার মতে কৃষ্ণচূড়া হচ্ছে প্রেমের এক জলজ্যান্ত প্রতীক যা ক্যাম্পাসের সকল প্রেমিককে এক অন্যরকম বন্ধনে আবদ্ধ করে রেখেছে। বেঁচে থাকুক প্রেম, ফুটে থাকুক কৃষ্ণচূড়া।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, এই খটখটে রুক্ষ আবহাওয়ার মধ্যেও যেন এক নয়নাভিরাম বার্তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হাজির কৃষ্ণচূড়া। এর নজরকাড়া লাল পাপড়ির সৌন্দর্য ক্যাম্পাসের ক্লান্তিমাখা রূপে প্রাণ ফিরিয়ে দিয়েছে যেন কৃষ্ণচূড়া আর ভালোবাসা একই সুতোয় গাঁথা। যার লালিমার ঝলক ছড়িয়ে পড়েছে সবার মাঝে।

৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9