প্রতিকী ছবি © সংগৃহীত
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই মনোরোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সহায়তা নেন। তবে থেরাপি নেওয়া মানেই যে প্রত্যাশিত উপকার পাওয়া যাবে, এমন নয়। কারণ, একজন থেরাপিস্ট দক্ষ ও অভিজ্ঞ হলেও তার কাজের ধরন বা আচরণ আপনার প্রয়োজনের সঙ্গে মানানসই নাও হতে পারে। তাই থেরাপিস্টের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি তার কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়াও জরুরি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে-তে প্রকাশিত এক নিবন্ধে মনোচিকিৎসক ডুগু বালান জানিয়েছেন, থেরাপি কেবল নিজের কষ্টের কথা বলা বা অন্যের কাছে সমর্থন পাওয়ার জায়গা নয়। বরং নিজের আচরণ, চিন্তাভাবনা, সম্পর্ক ও সিদ্ধান্তের ধরন বুঝতে সাহায্য করাই এর অন্যতম উদ্দেশ্য। এ ক্ষেত্রে থেরাপিস্টের কিছু আচরণ ইঙ্গিত দিতে পারে, তিনি আপনার জন্য উপযুক্ত কি না।
১. আপনার সব কথায় একমত হন
আপনি যা-ই বলুন, থেরাপিস্ট যদি সব সময় আপনার সব কথার পক্ষে অবস্থান নেন, তাহলে বিষয়টি নিয়ে ভাবার প্রয়োজন আছে। ভালো থেরাপিস্ট আপনার অনুভূতিকে গুরুত্ব দেবেন, তবে প্রয়োজনে আপনার ধারণা ও বিশ্বাসকেও প্রশ্ন করবেন।
২. আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার ভুলে যান
থেরাপি চলাকালে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, সম্পর্ক কিংবা সমস্যার কথা বারবার বলতে হতে পারে। তবে কয়েকটি সেশন পরও থেরাপিস্ট যদি আপনার বলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত ভুলে যান, তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে।
৩. প্রতিটি সেশন যেন আড্ডার মধ্যেই শেষ হয়
থেরাপিস্টের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা, হাসি-ঠাট্টা কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয়। তবে প্রতিটি সেশন যদি শুধু দৈনন্দিন গল্প, কর্মক্ষেত্রের অভিযোগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের খুঁটিনাটি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে থেরাপির মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। থেরাপিতে সব সময় তাৎক্ষণিক পরিবর্তন বা বড় কোনো উপলব্ধি আসবে, এমন প্রত্যাশা ঠিক নয়। তবে সময়ের সঙ্গে আলোচনায় নিজের আচরণ, অনুভূতি ও সমস্যার কারণ সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হওয়া প্রয়োজন।
৪. আপনার পরিচিতদের মানসিক রোগের তকমা দেন
আপনার মা, বাবা, সঙ্গী কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্কের সমস্যা নিয়ে আলোচনা করা থেরাপির অংশ হতে পারে। কিন্তু তাদের সঙ্গে সরাসরি কথা না বলেই থেরাপিস্ট যদি একের পর এক মানসিক রোগের তকমা দিতে থাকেন, তা ভালো লক্ষণ নয়। একজন ভালো থেরাপিস্ট সম্পর্কের জটিলতা বুঝতে সাহায্য করেন। একই সঙ্গে সেই সম্পর্কে আপনার নিজের ভূমিকা কী, সেটিও খতিয়ে দেখতে উৎসাহ দেন।
৫. নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলেন
আপনি নিজের কষ্টের কথা বলছেন, অথচ থেরাপিস্ট বারবার তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সমস্যা কিংবা সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে আলোচনা শুরু করছেন এমন ঘটনা নিয়মিত ঘটলে সতর্ক হওয়া প্রয়োজন। থেরাপির মূল মনোযোগ থাকা উচিত আপনার অভিজ্ঞতা ও প্রয়োজনের ওপর।
৬. নিজের সমালোচনা মেনে নিতে পারেন না
থেরাপিস্টের কোনো কথা আপনার খারাপ লাগতে পারে কিংবা তিনি আপনার বিষয়ে ভুল ধারণা করতে পারেন। এমন পরিস্থিতিতে বিষয়টি তাকে জানানো স্বাভাবিক। একজন ভালো থেরাপিস্ট আপনার মতামত শুনবেন, নিজের ভুল থাকলে তা স্বীকার করবেন এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করবেন। কারণ, থেরাপিস্টও মানুষ; তারও ভুল হতে পারে।
কিন্তু আপনি কোনো বিষয়ে আপত্তি জানালে তিনি যদি বিরক্ত হন, আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়েন কিংবা আপনাকেই অপরাধী বোধ করান, তাহলে সেটি ভালো লক্ষণ নয়।
৭. সিদ্ধান্ত খুঁজে নিতে সাহায্য না করে উপদেশ চাপিয়ে দেন
থেরাপিস্টের কাজ আপনার হয়ে জীবনের সিদ্ধান্ত নেওয়া নয়। বরং কোনো সিদ্ধান্তের পেছনে আপনার চিন্তা, ভয় ও অনুভূতি কীভাবে কাজ করছে, তা বুঝতে সাহায্য করা।
প্রয়োজন অনুযায়ী তিনি বাস্তবসম্মত পরামর্শ বা করণীয় জানাতে পারেন। তবে কী করবেন বা কী করবেন না, তা চাপিয়ে দেওয়া তার কাজ নয়। যেমন, কোনো সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে, তা আপনি বুঝতে পারছেন। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কেন কঠিন মনে হচ্ছে কিংবা একা থাকার ভয় কেন আপনাকে আটকে রাখছে, তা হয়তো বুঝতে পারছেন না। ভালো থেরাপি এসব বিষয় বুঝতে এবং নিজের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস তৈরি করতে সহায়তা করে।
থেরাপিস্ট যেমন হওয়া উচিত
একজন ভালো থেরাপিস্টকে আপনার ঘনিষ্ঠ বন্ধু কিংবা সব সময় সমর্থন জোগানো মানুষ হতে হবে, এমন নয়। বরং তিনি এমন একজন হবেন, যার কাছে আপনি নিরাপদ বোধ করবেন এবং নিজের অস্বস্তিকর অনুভূতি, চিন্তা ও আচরণ নিয়েও খোলামেলা আলোচনা করতে পারবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, থেরাপিস্টের সঙ্গে এমন একটি আস্থার সম্পর্ক গড়ে ওঠা, যেখানে আপনি নিজের দুর্বলতা ও সমস্যাগুলো নির্ভয়ে তুলে ধরতে পারবেন এবং সেগুলো বুঝে সামনে এগিয়ে যাওয়ার সহায়তা পাবেন।