হোয়াটসঅ্যাপে আপনার ইউনিক নাম অন্য কেউ নেওয়ার আগেই সংরক্ষণ করবেন যেভাবে

০১ জুলাই ২০২৬, ১২:০৩ PM
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার © টিডিসি এআই জেনারেটেড

ব্যক্তিগত গোপনীয়তা আরও জোরদার করতে বড় পরিবর্তন আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ জন্য চালু করা হচ্ছে ‘ইউজারনেম’ সুবিধা। ইতোমধ্যে বিশ্বজুড়ে ধাপে ধাপে ইউজারনেম সংরক্ষণের (রিজার্ভ) কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বছরের শেষ দিকে পূর্ণাঙ্গভাবে ফিচারটি চালুর আগে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউনিক ইউজারনেম আগেভাগেই সংরক্ষণ করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ সেটি নিয়ে নেওয়ার আগেই নিশ্চিত করা যায় ব্যক্তিগত পরিচয়।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অ্যাপটিতে যোগাযোগের একমাত্র পরিচয় ছিল মোবাইল নম্বর। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে একটি স্বতন্ত্র ইউজারনেম ব্যবহার করে নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফলে ব্যক্তিগত নম্বর প্রকাশ না করেও নিরাপদে কথোপকথন চালানো সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির মতে, বিশেষ করে প্রতিবেশীভিত্তিক কমিউনিটি, স্কুলের অভিভাবক গ্রুপ, স্থানীয় ক্লাব, অনলাইন কেনাবেচা বা বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত হওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই সুবিধা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করবে।

যেভাবে ইউজারনেম সংরক্ষণ করবেন

ইউজারনেম সংরক্ষণ করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে অ্যাপটি আপডেট করতে হবে। এরপর Settings > Account > Username অপশনে গিয়ে একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করতে হবে। চাইলে হোয়াটসঅ্যাপের বিল্ট-ইন ইউজারনেম জেনারেটর ব্যবহার করে খালি থাকা নামও বেছে নেওয়া যাবে।

এর পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে Username Key নামের একটি অতিরিক্ত নিরাপত্তা সুবিধাও চালু করতে পারবেন। এই ফিচার চালু থাকলে প্রথমবার কেউ যোগাযোগ করতে চাইলে শুধু ইউজারনেম জানলেই হবে না, নির্ধারিত ইউজারনেম কীও দিতে হবে। এতে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানোর সুযোগ আরও কমে যাবে।

যদি অ্যাকাউন্ট সেটিংসে এখনও ইউজারনেম অপশন দেখা না যায়, তাহলে বুঝতে হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এখনো এই ফিচার চালু হয়নি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর অঞ্চলে সুবিধাটি চালু হলে অ্যাপের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: মোবাইল নাম্বার ছাড়া যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক মাস ধরে ধাপে ধাপে এই সুবিধা চালু করা হবে। আর চলতি বছরের শেষ নাগাদ পূর্ণাঙ্গ ইউজারনেম ফিচার উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইউজারনেম সুবিধা হোয়াটসঅ্যাপের বৃহত্তর গোপনীয়তা নীতির অংশ। গত এক বছরে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের নিরাপত্তা বাড়াতে একাধিক ফিচার চালু ও পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে।

এর মধ্যে রয়েছে Advanced Chat Privacy। এর মাধ্যমে নির্দিষ্ট চ্যাট থেকে বার্তা রপ্তানি ও মিডিয়া ডাউনলোড সীমিত করা যায়। পাশাপাশি Chat Lock, Disappearing Messages, Passkey সাপোর্ট এবং কে যোগাযোগ করতে পারবে বা সংবেদনশীল চ্যাটে প্রবেশ করতে পারবে এসব নিয়ন্ত্রণের সুবিধাও যুক্ত করা হয়েছে।

তবে ইউজারনেম ফিচারকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখছে হোয়াটসঅ্যাপ। কারণ এর মাধ্যমে ব্যবহারকারীদের প্রধান পরিচয় হিসেবে ফোন নম্বরের ওপর নির্ভরশীলতা কমে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের মতো নয়

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পাবলিক প্রোফাইলের মতো কাজ করবে না। এখানে কোনো সার্চ ডিরেক্টরি, ইউজারনেম সাজেশন বা ডিসকভারি পেজ থাকবে না। অর্থাৎ, কাউকে প্রথমবার বার্তা পাঠাতে হলে তার সঠিক ইউজারনেম আগে থেকেই জানতে হবে। ফলে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত বার্তা পাওয়ার ঝুঁকি কমবে।

ইউজারনেম কী চালু থাকলে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় সেটি পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারবেন। এতে কোনো কী অতিরিক্ত মানুষের কাছে চলে গেলেও সহজেই নতুন কী ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

বিদ্যমান চ্যাটে কোনো প্রভাব পড়বে না

পূর্ণাঙ্গভাবে ফিচারটি চালু হওয়ার পর যারা ইউজারনেম ব্যবহার করবেন, তারা নতুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সময় আর ফোন নম্বর প্রকাশ করতে বাধ্য হবেন না। তবে বর্তমানে থাকা চ্যাট ও সংরক্ষিত কনট্যাক্টগুলো আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি। এত বিপুল ব্যবহারকারীর কারণে একই ধরনের নামের পুনরাবৃত্তির সম্ভাবনা বেড়েছে। তাই আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ব্যবহারকারীদের পছন্দের ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। পছন্দের নামটি আগে থেকেই কেউ নিয়ে থাকলে অ্যাপের বিল্ট-ইন ইউজারনেম জেনারেটর বিকল্প নামের পরামর্শ দেবে।

এ ছাড়া কনটেন্ট নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও সংরক্ষণ করতে পারবে। এর ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে একই পরিচয় বজায় রাখা সহজ হবে। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9