বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ PM
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ইবি ছাত্রদল নেতাকর্মীরা

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন ইবি ছাত্রদল নেতাকর্মীরা © সংগৃহীত

১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব রাফিজ আহমেদ স্বাক্ষরিত এ স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

স্মারকলিপিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১৯তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন-সংশ্লিষ্ট বিভাগসহ অন্যান্য বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করতে যেয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক ব্যয়, যানজট এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আসা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার দিন নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহন সহায়তা প্রদান করা হলে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং তাঁরা মানসিক স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার্থীদের পাঠদান ও সনদ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তাঁদের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ কর্মজীবনের বিকাশেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। 

বিচার বিভাগে যোগ্য বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার এই প্রতিযোগিতামূলক যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামান্য সহযোগিতাও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ও অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখতে পারে উল্লেখ করে প্রশাসনের নিকট প্রয়োজনীয় সংখ্যক বাসের ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। 

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল নেপাল
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু: একদিনে বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ জনের
  • ২৫ অক্টোবর ২০২৬
১৪ শর্তে নিয়োগ পেলেন ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগে ছিলেন মেয়র, এবার হলেন প্রশাসক ডা. শাহাদাত
  • ২৫ অক্টোবর ২০২৬