থিয়েরি অঁরির সঙ্গে অভিনয়ে নামছেন রোনালদো © সংগৃহীত
ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার অভিনয় জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা প্রথমবারের মতো অভিনয়ে নামছেন। একই সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হচ্ছেন ‘ডে ওয়ানস’ নামের একটি কল্পকাহিনিভিত্তিক সিরিজে।
ব্রিটিশ ফুটবলের ব্যবসা, প্রভাব ও ক্ষমতার রাজনীতিকে ঘিরে নির্মিত এই সিরিজে রোনালদোর সঙ্গে অভিনয় করবেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। ইতোমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির প্রথম দিকের দৃশ্যের শুটিংয়েও অঁরিকে দেখা গেছে।
সম্প্রতি নিজের ষষ্ঠ বিশ্বকাপ শেষ করেছেন রোনালদো। এরপর থেকেই ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনা শুরু করেছেন তিনি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই অভিনয় ও প্রযোজনার জগতে যাত্রা শুরু করছেন।
ডে ওয়ানস সিরিজের গল্প আবর্তিত হবে স্ট্যানলি ডালটন নামের এক কাল্পনিক ফুটবল এজেন্টকে ঘিরে। তিনি ইংলিশ ফুটবলের অন্যতম প্রভাবশালী এজেন্ট। তার চরিত্রের মাধ্যমে ফুটবল এজেন্টদের কাজ, খেলোয়াড়দের চুক্তি এবং একটি সিদ্ধান্ত কীভাবে একজন ফুটবলারের ক্যারিয়ার বদলে দিতে পারে, সেই বাস্তব চিত্র তুলে ধরা হবে।
স্ট্যানলি ডালটনের চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। তিনি এর আগে একাধিক জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
সিরিজটির ধারণা দিয়েছেন ড্যারেন ডেইন। তিনি থিয়েরি অঁরির এজেন্ট এবং ডে ওয়ানস-এর নির্বাহী প্রযোজকদের একজন।
প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউআর•মার্ভ স্টুডিওটি যেটি রোনালদো হলিউড পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন। ফলে শুধু অভিনয় নয়, এই প্রকল্পের প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পর্তুগিজ এই তারকা।
নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। আমি জীবনের নতুন চ্যালেঞ্জগুলোর দিকে এগিয়ে যাচ্ছি।’
রোনালদোর এই মন্তব্যকে অনেকেই ফুটবল থেকে ধীরে ধীরে বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন। মাঠে প্রায় সব বড় শিরোপা জয়ের পর এবার ভিন্ন এক অঙ্গনে নিজের নতুন পরিচয় গড়ে তুলতে প্রস্তুত বিশ্বের অন্যতম সফল এই ফুটবলার।