এনামুল হক বিজয় © সংগৃহীত
টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের জন্য আজ বাঁচা-মরার ম্যাচ। এশিয়া কাপে ৯ দিনের ব্যবধানে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ফাইনালের সম্ভাবনা ধরে রাখার জন্যও এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এদিকে ওপেনিং জুটিতে আসতে পারে পরিবর্তন। আশানরূপ পারফরম্যান্স না করায় নাঈম শেখকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন এনামুল হক বিজয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আজকের ম্যাচটিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর সেজন্য সেরা একাদশ নির্বাচন করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। উদ্বোধনী জুটিতে তার সঙ্গে থাকবেন লিটন দাস।
এদিকে ব্যাটিং লাইন আপে তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চার নম্বরে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম থাকবেন। লঙ্কানদের বিপক্ষে আফিফ হোসেন সামলাবেন সাত নম্বর পজিশনটি। আট নম্বরে শামিম পাটোয়ারীর জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। আর নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।
আরও পড়ুন: আজ ‘ডু অর ডাই’ ম্যাচে আবার শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ
যদি আজ শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে তারা টানা ম্যাচ জেতার রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে যাবে। ওয়ানডেতে ২০০৩ সালে টানা ২১ ম্যাচ জিতে রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা টানা ১২ ম্যাচ জিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে।
এই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। এই মাঠেই ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেই জয় বাংলাদেশকে পৌঁছে দেয় ওই টুর্নামেন্টের ফাইনালে। আজ একই ফল সাকিবদের এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে দেবে না যদিও, ভারত ম্যাচের আগে মনোবলে অবশ্যই বড় শক্তি জোগাবে। পাশাপাশি ফাইনালের পথেও এগিয়ে রাখবে কিছুটা।
এদিকে, কলম্বো শহরে চলছে ভরা বর্ষার মৌসুম। প্রবল বৃষ্টিপাতের কারণে এরইমাঝে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যেই শ্রীলঙ্কার রাজধানীতেই হচ্ছে এশিয়া কাপের হাইভোল্টেজ সব ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে আজ কলম্বোতেই খেলতে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া বার্তা অনুযায়ী, বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
শ্রীলংকা সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।