নওগাঁ
প্রতিকী ছবি © সংগৃহীত ছবি
নওগাঁর পত্নীতলায় বাসার বারান্দায় খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৌউদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় দারুন নাজাত ইসলামি একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পত্নীতলা পল্লী বিদ্যুৎ-২ অফিসের পেছনের একটি তিনতলা ভবনের বারান্দায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌউদ জেলার মহাদেবপুর উপজেলার শহররায় গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় দুই শিশু ওই ভবনের বারান্দায় খেলাধুলা করছিল। এ সময় সৌউদ বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে আসা একটি এসএস পাইপে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তুলি পাল শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।