নিহত শিক্ষিকা ও মাইলস্টোন লোগো © টিডিসি সম্পাদিত
এক বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরেক বাসের চাকায় পিষ্ট হয়ে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার পর বাসের চাকায় হাতের ছাপ দেখা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তার বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়ায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাসফিয়া মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে সারা পরিবহনের আরেকটি বাসের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের এক স্বজন জানান, তাসফিয়া মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। একটি কাজে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। দুর্ঘটনার পর প্রথমে তাসফিয়াকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল বলেন, রাত পৌনে ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন চালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাসফিয়া তার দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। বৃহস্পতিবার (আজ) তার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। সড়কে তাসফিয়ার রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে তিনি তার পরিবারের সদস্যদের খবর দেন।