জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা থেকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। আগামী ২৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ নভেম্বর দুপুর ১টা থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পরিচালিত হবে পরীক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার (ইএমএস) এর মাধ্যমে। পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করে প্রিন্ট করবেন। পরে অধ্যক্ষের সিল ও স্বাক্ষর দিয়ে তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।
প্রবেশপত্র বিতরণের আগে পরীক্ষার্থীর ছবির সঙ্গে তাঁর চেহারা মিলিয়ে দেখতে হবে। পাশাপাশি প্রবেশপত্রে উল্লেখ করা রেজিস্ট্রেশন ও রোল নম্বর সঠিক আছে কি না, তা যাচাই করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে অথবা প্রবেশপত্রে কোনো ভুল থাকলে আগামী ২০ নভেম্বরের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে।
এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে ইএমএস সফটওয়্যারের কলেজ প্যানেল থেকে পরীক্ষার্থীদের রোল বিবরণী ও হাজিরা শিট ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। পরে সেগুলো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য কলেজ কর্তৃপক্ষকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের [ইএমএস পোর্টালে](http://ems.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ লগইনের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।