পাঁচ কর্মকর্তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় © টিডিসি ফটো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে মুচলেকা দিয়ে তাদের পরিবারোর জিম্মায় হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় নিরাপত্তার স্বার্থে ৫ কর্মকর্তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এর আগে সোমবার মারধরের পর কর্মকর্তাদের প্রশাসনের কাছে সোপর্দ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তী সময়ে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মকর্তাদের থানায় নেওয়ার আগপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের পুলিশে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ হোসেন, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, মূলত তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পুলিশ হেফাজতে দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রক্টরিয়াল বডি তাদের মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে৷ পরবর্তীতে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডি কাজ করছে বলেও জানান তিনি।