রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ AM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের নয় শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন রেস্টুরেন্টটির পক্ষ থেকে মো. সাফরিন বেগ। মামলায় সরকারি তিতুমীর কলেজের নয় শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে রেস্টুরেন্টে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর, ভাঙচুর, চুরি ও হুমকি দেন। এতে সাধারণ ও গুরুতর জখমের অভিযোগও করা হয়েছে। এজাহারে রেস্টুরেন্টের ২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত ও চুরির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ক্যাশ কাউন্টার থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরির অভিযোগ করা হয়েছে।

মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে বিক্ষোভে নামেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এ মামলাকে হয়রানিমূলক ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় তারা তিন দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দূরবীন বাংলা রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীদের দাবি, ঘটনার সূত্রপাত রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীদের হামলায় তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দায়ের করায় তারা ক্ষুব্ধ হয়েছেন। তাদের অভিযোগ, ঘটনার প্রকৃত পরিস্থিতি বিবেচনা না করে শিক্ষার্থীদের আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও রেস্টুরেন্টের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ট্যাগ: রাজধানী
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬