১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ AM
ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়

ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ কার্যালয় থেকে মুক্ত হন। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিতে দিনভর ঘেরাও ও অবস্থান কর্মসূচির মধ্যে তিনি অবরুদ্ধ ছিলেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় তিন দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) জনসংযোগ দপ্তর তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এর আগে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভা শুরুর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হবে।

এর আগে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন। সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান নেন তাঁরা।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।

সোমবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে উপাচার্য অভিযোগ করেন, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাকে ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি বলেন, ৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাহিরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না।’

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করবো, না দিলে করবো না কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’

জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাঁদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে এ কর্মসূচি পালন করছেন। তাঁদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে তিন দিন সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জকসুর উদ্যোগে চার্জিং পয়েন্ট ও…
  • ১৬ নভেম্বর ২০২৬
দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে— মনিরুল হক
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি-বেসরকারি ১০ মেরিটাইম একাডেমিতে ভর্তি আবেদন শুরু, আসন…
  • ১৬ নভেম্বর ২০২৬