জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি-দাওয়া এবং এ নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দপ্তরে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হবে বলে রাত সাড়ে ১০টায় জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দাবি আদায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে বেলা ৩টা থেকে অবরুদ্ধ করে রেখেছেন পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। এর আগে সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দফতর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।