বরিশাল বিশ্ববিদ্যালয়

নবীনবরণে দাওয়াত না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি

১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ PM
রেজা শরীফ

রেজা শরীফ © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি রেজা শরীফ। আজ সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠান চলাকালে দেওয়া ওই পোস্টে তিনি বিএনপিপন্থী শিক্ষকদের ভূমিকা নিয়ে এই অসন্তোষ জানান।

‘আমরা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি'র জন্ম দিলাম তাদেরই আপনারা ভুলে গেলেন’ শিরোনামে দীর্ঘ এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আজ প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে এবং আজই প্রথম শিক্ষামন্ত্রীসহ বরিশাল বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দ (এমপি, মেয়র) সবাই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই মঞ্চে একই সাথে উপস্থিত হয়েছেন। এছাড়াও ঢাকা থেকে কয়েকজন স্বনামধন্য সিনিয়র প্রফেসররা এসেছেন। এদের মধ্যে সিনিয়র প্রফেসর ড. মোর্শেদ হাসান খান স্যারকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, তিনি আমার ক্যাম্পাসে প্রথমবার এসেছেন তাই তাকে ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে দিতে অল্পকিছু সময়ের জন্য ক্যাম্পাসে গিয়েছিলাম এবং স্যারকে স্টেজে উঠিয়ে দিয়ে অতিদ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হলাম।"

ক্যাম্পাস ত্যাগের কারণ হিসেবে তিনি জানান, এর কারণ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়ে আমি এই অনুষ্ঠানে ফরমাল কোনো দাওয়াত পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো এক ব্যক্তি বা ওরিয়েন্টেশন উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে আমাকে বা আমার কমিটির কোনো সদস্যকে সরাসরি ফোন করে একটা দাওয়াত দেওয়ার প্রয়োজনবোধ করেনি।

‘‘৫ আগস্টের পূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির একমাত্র স্টেকহোল্ডার ছিলাম আমরা ছাত্রদল। ৫ আগস্টের আগে ওপেনে তো ভালো গোপনে এসেও আমার কাছে কোন শিক্ষক বলে নায় যে, সে জাতীয়তাবাদী আদর্শের একজন ব্যক্তি অথবা মানসিকভাবে আমাদের পাশে এসে দাঁড়ানো দূরে থাক, জীবনে আমাদের একটা খোঁজ খবরও নেয় নায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যসিস্টের দোসর একজন ভিসি হিসেবে এসেছিলেন, তখনও আজকের বিএনপিপন্থী শিক্ষকদের ভূমিকা ছিল ‘ধরি মাছ না ছুই পানি’। তখনও সম্মুখ সারির যুদ্ধটা আমাদের ছাত্রদলকে এককভাবে করতে হয়েছে, আজকে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালায় সেসব শিক্ষকদের আচরণ এমন ছিলো বিএনপি ক্ষমতায় আসলে এমনিই সব নিয়ন্ত্রণে এসে যাবে এবং এটাও ঠিক আমরাই এদেরকে প্রশাসনিক পদে দায়িত্ব নেয়ার জন্য অনুরোধও করেছিলাম, আমরা বুঝেছিলাম এই মানুষগুলো দলের দুঃসময়ে আমাদের পাশে না থাকলেও দলের সুসময়ে আমাদের প্রাপ্য সম্মানটুকু দেবে। আমার কথা যেসব শিক্ষকরা বিএনপি'র নাম ব্যবহার করে প্রশাসনিক পদে আছেন তাদের পদগুলোতো আমরা সাবেক ছাত্রদল নেতারা চাই না, আমরা শুধু চাই একটু সম্মান আর মূল্যায়ন।’’

তিনি বিএনপিপন্থী শিক্ষকদের উদ্দেশ্য উল্লেখ করেন, আমাদের কষ্টের অর্জিত ফসল কোনোরকম পরিশ্রম ছাড়াই আপনারা ভোগ করছেন কিন্তু আমাদের কথা একবার স্মরণ করলেন না, আমি সহ আমার কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে একটা দাওয়াত দিবেন না, এই সাংগঠনিক অদক্ষতা, অযোগ্যতা নিয়ে আপনাদের বিএনপিপন্থী শিক্ষক রাজনীতি করতে বলছে কে!

‘‘আপনারা যেমন যোগ্য ঠিক তেমনিভাবে অনেক যোগ্য শিক্ষক এই ক্যাম্পাসে আছেন তারপরও আপনারা আজ বিএনপি সরকারের আশীর্বাদে দলীয় বিবেচনায় ভিসি হয়েছেন, রেজিস্ট্রার হয়েছেন, প্রক্টর হয়েছেন, সিন্ডিকেট সদস্য হচ্ছেন; কিন্তু আমরা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি'র জন্ম দিলাম তাদের আপনারা ভুলে গেলেন! আপনারা দলীয় বিবেচনায় প্রশাসনের হর্তাকর্তা হতে পারেন আর আমরা সাবেক ছাত্রদল কর্মীরা দলীয় বিবেচনায় আপনাদের কাছ থেকে ফরমাল একটা দাওয়াত পেতে পারি না?? এখানে আপনাদের সুশীলতা নাকি সাবেক নেতৃবৃন্দকে কীভাবে সম্মান জানাতে হয় সেই সৌজন্যবোধটুকু না জানার অজ্ঞতা! আজকের এই প্রোগ্রামে নিজের ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী হয়ে দুটি কথা বলার সুযোগ আপনারা দিচ্ছেন না।’’

২০১৬ সালের ১৩ই অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন রেজা শরীফ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পান।

তিনি আরোও জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও আমরা সাবেক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির দায়িত্ব নিয়েছি, যেকোনো সংকটে দূরে থেকেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমরা তো আসলে কলুর বলদ, আমরা শুধু আপনাদের দিয়েই যাবো আর আপনারা এর ন্যূনতম সম্মানটুকু আমাদের জানাবেন না, শুধু দেখা হলে আর ফোনে কথা বলে মিষ্টি কথা দিয়ে মন ভরিয়ে দেবেন। আপনারা এত ব্যস্ত প্রশাসন যাদের কল দিলে কল রিসিভ করার সময় পান না এবং ৩/৪ দিন পার হয়ে গেলেও কল ব্যাক করার প্রয়োজনবোধ করেন না, আর অন্যদিকে বর্তমান অনেক মন্ত্রী-এমপি'রা একবারে আমাদের ফোন রিসিভ করে, আর রিসিভ করতে না পারলেও সময় করে কল ব্যাক করে।

তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, উপরের দিকে থুতু দিলে নাকি নিজের গায় পরে, এতদিন ধৈর্য ধারণ করেছি, থুতু দেই নাই, এখন আপনারা নিজেদের এমন সর্বেসর্বা মনে করছেন যে উপরের দিকে থুতু দিয়ে নিজের গায় পরলেও কথাগুলো ফেসবুকে বলতেই হলো। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি- আপনারা আমাদের শিক্ষক এই হিসেবে চিরজীবন আপনাদের পায় হাত দিয়ে সালাম করবো কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি'র রাজনীতিতে আপনারা আমাদের কাছে শিশু এবং চিরজীবন রাজনৈতিক জুনিয়র হয়েই থাকবেন। আর আপনাদের দোয়ায় আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এখনও যদি চোখ বন্ধ করে আপনাদের মাথার উপর দিয়ে হাত সরিয়ে নেই তাহলে আপনাদের অবস্থা হবে বিএনপি সরকার থাকা অবস্থায় গোপালগঞ্জ বিএনপি'র মত। বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনপি থেকে সুবিধাবাদী মানুষদের জন্য সর্বশেষ একটাই কথা- ডিম পাড়ে হাঁসে, খায় বাঘডাসে।

জানা গেছে, আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

এশিয়ার কেউ পারেনি, সেই ইতিহাসই গড়ল বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
নবীনবরণে দাওয়াত না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ছাত্রদলের প্রত…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঢাবির ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা দিল ডুসালস
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রদলের হল কমিটির নতুন সভাপতি ছাত্রলীগ কর্মী সা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আগামী ৭ ফেব্রুয়ারি বিইউপির ৭ম সমাবর্তন 
  • ১৬ নভেম্বর ২০২৬