বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশনে শিক্ষামন্ত্রী © টিডিসি ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সংকটের কথা শুনে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়া, নতুন অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণে বাজেট বরাদ্দ এবং আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্য আমাকে বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমাধানের চেষ্টা করা হবে।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য দ্রুত বাজেট বরাদ্দের কথা জানান।
তিনি বলেন, ‘এসব অবকাঠামোগত উন্নয়নের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের সড়কের অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তায় হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করব দ্রুত সময়ে পাকা রাস্তার ব্যবস্থা করতে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি ও সংকটের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টির দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়। বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এই বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সব সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষাব্যবস্থা নিয়েও অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই।’ বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জানান, বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক বা ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা বা অনিয়মের সুযোগ থাকবে না। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ। এখন শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে শিখতে হবে। ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের তৈরি করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে এসব উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।