জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ‘অর্থায়নের নীতিমালা’ বিষয়ের পরীক্ষায় একই প্রশ্ন দুবার আসার ঘটনায় উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একই প্রশ্নের উত্তর দুই জায়গায় আলাদাভাবে লিখে থাকলে পরীক্ষার্থীদের উভয় উত্তরের জন্য নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরীক্ষক, প্রধান পরীক্ষক ও নিরীক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ অক্টোবর অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ব্যবস্থাপনা বিভাগের ২২২৬০৭ পত্রের প্রশ্নপত্রে ‘খ’ বিভাগের ৩ নম্বর এবং ‘গ’ বিভাগের ১১ নম্বর প্রশ্ন একই ছিল। এতে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে যেসব পরীক্ষার্থী ৩ ও ১১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আলাদাভাবে উত্তরপত্রে লিখেছেন, সেসব উত্তর মূল্যায়ন করে নম্বর প্রদানের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে প্রশ্নপত্রে একই প্রশ্ন দুবার থাকা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।