বেরোবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি © টিডিসি ছবি
ক্যানসারের সঙ্গে লড়ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী বৃষ্টি প্রামাণিক। মলাশয়ের ক্যানসারে আক্রান্ত ২৯ বছর বয়সী এই তরুণীর চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। বিপুল এই ব্যয় পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব না হওয়ায় তার চিকিৎসায় সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ‘বৃষ্টিকে আমরা হারাতে চাই না’ শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একাধিক পোস্ট। চিকিৎসার অর্থ সংগ্রহে খোলা হয়েছে donatebristy.xyz ওয়েবসাইট।
নওগাঁর বাসিন্দা বৃষ্টি বর্তমানে রংপুরের পীরগঞ্জ উপজেলায় যক্ষ্মা কর্মসূচির প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত। এর আগে তিনি ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিতর্ক, সাংগঠনিক কর্মকাণ্ড ও উপস্থাপনার মাধ্যমে রংপুরের সাংস্কৃতিক অঙ্গনেও পরিচিতি রয়েছে তার।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই তিনি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামে (বিআরইউডিএফ) যুক্ত হন। সংগঠনটির সহসাংস্কৃতিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পর নির্বাচিত সভাপতি হন তিনি। প্রাণবন্ত উপস্থাপনা ও বিনয়ী আচরণের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে প্রিয় ছিলেন বৃষ্টি। প্রথম আলো বন্ধুসভা রংপুরের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় আট মাস ধরে রক্ত আমাশয়ে ভুগছিলেন বৃষ্টি। আগেও একই ধরনের সমস্যা হওয়ায় এবারও তা নিজে থেকেই সেরে যাবে বলে ভেবেছিলেন তিনি। এর মধ্যে খাবারে অরুচি, দুর্বলতা, ক্লান্তি ও পেটব্যথাসহ নানা উপসর্গ দেখা দিলেও শুরুতে বিষয়টি গুরুত্ব দেননি।
গত ২৭ জুলাই অফিসের কাজে মাঠে গিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন বৃষ্টি। পিঠের ব্যথা নিয়ে অর্থোপেডিক চিকিৎসকের কাছে গেলে কথাপ্রসঙ্গে পেটের সমস্যার কথাও জানান তিনি। চিকিৎসকের পরামর্শে একের পর এক পরীক্ষা করানোর পর গত ১৯ সেপ্টেম্বর কোলনোস্কোপিতে অন্ত্রে একটি গ্রোথ ধরা পড়ে। সেখান থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হলে মলাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এমআরআই পরীক্ষায় টিউমারের আকার প্রায় পাঁচ সেন্টিমিটার পাওয়া যায়। তবে বুক ও পেটের সিটি স্ক্যানে অন্য কোনো অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি।
রিপোর্ট পর্যালোচনা করে ঢাকার স্কয়ার হাসপাতালের একজন অনকোলজিস্ট দ্রুত চিকিৎসা শুরুর পরামর্শ দেন। পরে ভারতের মুম্বাইয়ের ফোর্টিস হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগ তার রিপোর্ট পর্যালোচনা করে রোবোটিক অস্ত্রোপচারের পরামর্শ দেয়। ভারতের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। ভিসা পাওয়া গেলে সেখানে চিকিৎসা শুরু করার পরিকল্পনা রয়েছে। অস্ত্রোপচার, পরবর্তী কেমোথেরাপি, মুম্বাইয়ে থাকা-খাওয়া ও যাতায়াতসহ চিকিৎসায় আনুমানিক ৩৫ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, গত ৭ আগস্ট দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অভিজিৎ দত্তের সঙ্গে বাগদান সম্পন্ন হয় বৃষ্টির। আগামী ১৩ ডিসেম্বর তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। নতুন সংসার ঘিরে যখন নানা পরিকল্পনা ও প্রস্তুতি চলছিল, তখনই ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। ফলে বিয়ের আয়োজনের চেয়ে এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুস্থ হয়ে ওঠা।
গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে বৃষ্টি লেখেন, ‘Life can change in the blink of an eye… Maybe the real purpose of life is not to have a life free of unexpected storms, but to learn how to stand through them, with acceptance, patience, and the courage to believe that we will find our way again.’
গত ১৩ অক্টোবরের ফেসবুক পোস্টে বৃষ্টি নিজের অসহায়ত্ব ও বেঁচে থাকার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে সহযোগিতা চান। তিনি লেখেন, ‘নিজের জীবনের এমন কিছুর জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। জীবন আমরা যেভাবে চাই জীবন সেটা না। জীবন সেটাই যা ঈশ্বর আমাদের জন্য প্লান করে রেখেছেন। আমি মনে করি আমি স্পেশাল, ঈশ্বর আমাকে চুজ করেছেন।’
ওই পোস্টে তিনি আরও জানান, তার ওয়েবসাইটে সংগৃহীত অনুদানের পরিমাণ চার লাখ টাকা ছাড়িয়েছে। তবে চিকিৎসার খরচ এর চেয়ে কয়েক গুণ বেশি। জীবনের অনেক স্বপ্ন ও ইচ্ছা পরে পূরণ করবেন ভেবে রেখে দিয়েছিলেন উল্লেখ করে বৃষ্টি বলেন, পরে বলে কিছু হয় না—এটি বুঝলেও জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবেননি।
সহায়তা চেয়ে বৃষ্টি লেখেন, ‘সবাই তো বাঁচতে চায় বলুন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ছোট একটা পদক্ষেপ আমার এই যাত্রাটাকে সহজ করে দিতে পারে। আপনাদের সহযোগিতা আশা করছি। কৃতজ্ঞতা যারা এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’
বৃষ্টির চিকিৎসার জন্য বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। পরিবারের একার পক্ষে প্রায় ৩৫ লাখ টাকার ব্যয় বহন করা কঠিন হওয়ায় তার চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। বৃষ্টির চিকিৎসার জন্য অনুদান দিতে ভিজিট করা যাবে donatebristy.xyz ওয়েবসাইটে।