জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ডিগ্রি (পাস) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এরপর আবেদন ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আগামী ১ নভেম্বরের মধ্যে এ ফি জমা দেওয়া যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে আবেদন নিশ্চয়ন করতে হবে ২ নভেম্বরের মধ্যে। এরপর কলেজ কর্তৃক নিশ্চয়ন করা আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে আবেদনপ্রতি ৮৫০ টাকা আগামী ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট কলেজকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে ‘Application Payment Info (Degree Pass)’ অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পে-স্লিপের প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত অর্থ জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ১৩ আগস্ট প্রকাশিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus (Degree Pass)’ ও ‘Important Notice’ অপশন থেকে জানা যাবে।