সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কারিগরি ত্রুটি দূর করল প্রশাসন

০৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সকালে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে ফি ৩ হাজার ১৫০ টাকা দেখানো হলেও বিকেলে তা বেড়ে ৪ হাজার ৫৭০ টাকা দেখা যায়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে এবং অভিযোগ পাওয়ার পরই বিষয়টি সংশোধন করা হয়েছে।

বাঙলা কলেজের গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারোয়ার হোসাইন বলেন, ‘ফরম পূরণের নামে অযৌক্তিক ফি ও চার্জের খাতগুলো কেন যুক্ত করা হলো? নিজস্ব ক্যাম্পাস থাকা সত্ত্বেও আবার কেন্দ্রের নামে ফি নেওয়া হবে কেন? টাকা বাড়ানোর জন্য তারা কি আর কোনো খাত খুঁজে পায়নি?’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে কেন? একই শিক্ষার্থীর কাছ থেকে একই পরীক্ষার জন্য দুই জায়গার নামে আলাদা ফি নেওয়ার যৌক্তিকতা কী?’

ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. গোলাপও ফি কাঠামো নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় করা হয়নি, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বসেছে। এত নামে-বেনামে টাকা নেওয়ার ধান্ধা পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আছে কি না, জানা নেই।’

তিনি বলেন, ‘অথচ বিশ্ববিদ্যালয় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল উন্নত গবেষণা, সেশনজটমুক্ত, ভোগান্তিহীন ও সবার নাগালের মধ্যে একটি সাবলীল শিক্ষাব্যবস্থা। আমরা কি আদৌ তা পেয়েছি? বাজেটে দেখলাম প্রায় ২৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে এত নামে-বেনামে টাকা নেওয়া কেন? অবিলম্বে নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করে ফি কমিয়ে আনার দাবি জানাচ্ছি।’

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নোটিশ অনুযায়ী অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে ফি নির্ধারণ করা হয়েছিল। তবে কারিগরি ত্রুটির কারণে কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে নম্বরপত্রের ফি যোগ হয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি সংশোধন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফরম পূরণের নোটিশে উল্লেখ করা ফি এবং অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে নির্ধারিত ফির মধ্যে কোনো তারতম্য নেই।’

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬