আটককৃত স্নিগ্ধ কুমার রায় © সংগৃহীত
রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে কলেজ শাখা ছাত্রদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে দারুস সালাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, আটক স্নিগ্ধ কুমার রায় মিরপুর বাঙলা কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
মিরপুর বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান সুমন বলেন, দুপুরের পর স্নিগ্ধ ক্যাম্পাসে এসে ঘোরাফেরা করছিলেন। তার ভাষ্য, ক্যাম্পাসে কীভাবে মিছিল করা যায়, সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তিনি সেখানে এসেছিলেন। ছাত্রদলের এই নেতা আরও দাবি করেন, স্নিগ্ধ বাঙলা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পরে তাকে আটক করে দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী সন্দেহে এক যুবককে বাঙলা কলেজ ছাত্রদল আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তিনি ছাত্রলীগ করতেন কি না, তা এখনো যাচাই করা সম্ভব হয়নি।