টিডিসি সম্পাদিত © টিডিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার বিভাগে নতুন বিভাগীয় সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে নতুন সভাপতিদের নিয়োগের তথ্য জানানো হয়।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগের সভাপতি নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগে সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন।
অফিস আদেশে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও ফার্মেসি বিভাগের সভাপতি হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা মোতাবেক উক্ত বিভাগের সহকারী অধ্যাপকদের ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য স্ব স্ব বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা গত ২৫ আগস্ট সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়ে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছে প্রশাসন।
জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘বিভাগের শিক্ষককে সভাপতি হিসেবে বিবেচনা করায় প্রশাসনকে ধন্যবাদ। শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, সেশনজট ও মাল্টিমিডিয়া ল্যাবের মতো যে সংকটগুলো রয়েছে, প্রশাসনের সহযোগিতায় তা দ্রুত সমাধানের চেষ্টা করব। পাশাপাশি তিন জন প্রভাষক নিয়োগের প্রক্রিয়া যেন সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন হয়, সে ব্যাপারে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব।’
ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন বলেন, ‘বিভাগের সভাপতি হিসেবে আমাকে উপযুক্ত মনে করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিশ্চয়ই বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা রয়েছে। আমার জায়গা থেকে চেষ্টা করবো তাদের সাথে আলোচনা করে বিভাগের জন্য সর্বোচ্চটা করতে। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’
ফার্মেসি বিভাগের নতুন সভাপতি সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ‘আমার প্রথম দায়িত্ব হবে বিভাগে বিদ্যমান সেশনজট সম্পূর্ণরূপে নিরসন করা এবং বিভাগের শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই নিজেদের যোগ্য করে তুলতে পারে এবং ফার্মা সেক্টরের ভালো ভালো জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারে, সে জন্য যা যা প্রয়োজন তা করা। আমার সহকর্মীরা সবাই এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। সবাইকে সাথে আমি বিভাগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’