প্রধানমন্ত্রী তারেক রহমান। © ফাইল ছবি
নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ’ হল উদ্বোধন করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন উপাচার্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। আমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সার্বিক বিষয়ে আলোচনার বাইরে তিনি তেমন কোনো কমিটমেন্ট দেয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি, কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ক্যাম্পাসে নবনির্মিত শহীদ ‘আবরার ফাহাদ’ হলটি উনাকে দিয়ে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। আগামী মাসে উনার কুষ্টিয়া সফরের সময় আমাদের বিশ্ববিদ্যালয়টিও উনার সফরসূচির তালিকায় অগ্রাধিকার হিসেবে থাকবে।
সাক্ষাৎকালে উপাচার্য তাঁর রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার হিসেবে দেন। এ সময় প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ তুলে ধরা হয়।