বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রেজারার

২৫ আগস্ট ২০২৬, ১২:০৪ PM
অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার

অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার © সংগৃহীত

প্রায় দুই বছর ট্রেজারার শূন্য থাকার পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও দায়িত্ব নিতে পারেননি নতুন ট্রেজারার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। তার যোগদান বিলম্বিত হওয়ার কারণ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্রেজারার ছিলেন অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। তিনি ২০২৪ সালের ১৭ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন। এর পর থেকে প্রায় দুই বছর ট্রেজারার পদটি শূন্য ছিল।

গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের এক মাস পার হলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি।

এদিকে তার নিয়োগের পর থেকেই এর বিরোধিতা করে আসছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম। সংগঠনটির দাবি, অধ্যাপক আবু হানিফ সরকার বিএনপিবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষের শিক্ষক। এসব অভিযোগ তুলে তাকে ট্রেজারার হিসেবে মেনে নেওয়া হবে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে একটি ব্যানারও টানানো হয়।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, অধ্যাপক আবু হানিফ সরকার একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান শিক্ষক। পাশাপাশি তিনি একজন দক্ষ একাডেমিশিয়ান হিসেবেও পরিচিত।

দীর্ঘদিন ট্রেজারার পদটি শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের অর্থসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

সংশ্লিষ্টরা জানান, উপাচার্য ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তার নিজস্ব প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব রয়েছে। ফলে তিনি ব্যস্ত থাকলে বা কোনো কারণে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকলে আর্থিক বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও একধরনের স্থবিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।

নতুন ট্রেজারার দ্রুত দায়িত্ব গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তার যোগদান না করায় সেই অনিশ্চয়তা এখনো কাটেনি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ করেন, একটি কর্মকর্তা সংগঠনের প্রকাশ্য বিরোধিতার কারণে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ থাকার পরও জাতীয়তাবাদী পরিচয়ে একটি সংগঠন কীভাবে একজন নিয়োগপ্রাপ্ত ট্রেজারারের নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছে।

তবে নতুন ট্রেজারারের যোগদান বিলম্বের সঙ্গে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের বিরোধিতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নতুন ট্রেজারারের যোগদান প্রসঙ্গে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক মামদুদ রহমান বলেন, ‘এটা তো আমরা বলতে পারব না। তাকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়পত্র দেয়নি। সেখানকার বিএনপিপন্থী সংগঠনগুলো বিবৃতি দিয়ে জানিয়েছে, তিনি তাদের সংগঠনের নন। এ কারণে তিনি যোগ দিতে পারছেন না।’

এ বিষয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, ‘সরকার আমাকে নিয়োগ দিয়েছে। অবশ্যই যাচাই-বাছাই করেই এবং যোগ্য মনে করেই আমাকে নিয়োগ দিয়েছেন।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো যোগদানের জন্য প্রস্তুতই ছিলাম। তবে বিভিন্ন কারণে আমি যোগদান করতে পারছি না। আর এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা হয়তো সঠিক তথ্য দিতে পারবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ট্রেজারার নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের বিষয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদ বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9