সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন

১০ আগস্ট ২০২৬, ০১:৫২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০১:৫৩ AM
সম্প্রীতির সুর শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

সম্প্রীতির সুর শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান © টিডিসি ফটো

আন্তর্জাতিক আদিবাসী দিবসের চেতনা, সাংস্কৃতিক বৈচিত্র্যের উদ্‌যাপন এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতির সুর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন এবং নেপালি অ্যাসোসিয়েশনের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. মো. সালাউদ্দিন বলেন, বাংলাদেশের আয়তন তুলনামূলক ছোট হলেও এ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ।

বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের বৈচিত্র্যকে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের যতটুকু বৈচিত্র্য আছে, আমাদের যতখানি বিভিন্ন ধরনের কালচারাল বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্য আমরা ধরে রাখার চেষ্টা করব এবং এটাকেই আমাদের সম্প্রীতির একটা সেতুবন্ধন হিসেবে ধারণ করব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে তারা বিশ্বের বিভিন্ন দেশে গেলে সেখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য আরও কাছ থেকে দেখার সুযোগ পাবে। বিশ্বের বড় শহরগুলোতে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নিজেদের দেশেও বিদ্যমান বৈচিত্র্যকে উপভোগ ও সংরক্ষণ করতে হবে।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থী সংগঠনের সভাপতি উইনপ্রু চৌধুরী বলেন, সংগঠনটি প্রতিবছর নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ‘সম্প্রীতির সুর’ আয়োজন করে। আন্তর্জাতিক আদিবাসী দিবসকে কেন্দ্র করে এবারের আয়োজন সেই ধারাবাহিকতার অংশ বলেও জানান তিনি।

আন্তর্জাতিক আদিবাসী দিবস ও ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে সরকারি বিভিন্ন নথি ও প্রতিষ্ঠানের নামেও ‘আদিবাসী’ শব্দের ব্যবহার দেখা গেছে। পাশাপাশি ২০০৭ সালে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারবিষয়ক ঘোষণাপত্র গ্রহণের সময় বাংলাদেশের স্বাক্ষর না করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

পার্বত্য চট্টগ্রাম ও ভূমির অধিকার প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন ও পর্যটনের নামে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও বসতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সাজেকের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পর্যটনকেন্দ্র গড়ে ওঠার আগে ওই অঞ্চলে লুসাই, পাংখুয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষের বসবাস ছিল। উন্নয়নের নামে তাদের ভূমি থেকে বেদখল বা বিতাড়নের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, নিজেদের অধিকার ও পরিচয়ের বিষয়ে কথা বলাকে অনেক সময় বিচ্ছিন্নতাবাদ বা রাষ্ট্রবিরোধিতার সঙ্গে যুক্ত করা হয়। তবে তাদের লক্ষ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়; বরং বাংলাদেশের ভেতরেই নিজেদের অধিকার, পরিচয় ও মর্যাদা নিয়ে সবার সঙ্গে একত্রে বসবাস করা।

তিনি বলেন, আমরা একত্র হয়ে থাকতে চাই এবং সম্প্রীতির সুর কেন করি? যাতে আমরা ক্যাম্পাসের সবাই মিলেমিশে একসাথে থাকি। আমরা চাই সবাই একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশে সুন্দরভাবে বেঁচে থাকতে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানের শেষদিকে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, পরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকারের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ভ্রাতৃত্বের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় হবে।

পরে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘সম্প্রীতির সুর’ আয়োজনের সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬