জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন © টিডিসি ফটো
শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার জবির কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্যে করেন অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমি বলি বাংলাদেশ আপনার লাশ পর্যন্ত গ্রহণ করবে না। ফ্যাসিস্ট হাসিনার লাশ বাংলাদেশের মাটি গ্রহণ করবে না। আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি।’
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে জবি প্রক্টর বলেন, ‘আজকাল দেশের বিভিন্নস্থানে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কিছু লোক আছে, যারা মাঝে মাঝে একটা ব্যানার নিয়ে দুই মিনিটের জন্য দাঁড়ায় এবং বলে যে তাদের আন্দোলন চলমান। আমি বলতে চাই, বিপ্লব এখনো শেষ হয়নি। সেই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। এই জগন্নাথের আশেপাশে যদি এই ধরনের কেউ আসে, জগন্নাথবাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকেও সহ্য করবে না। এখনো সময় আছে, আপনারা ঠিক হয়ে যান। তওবা করেন। হাসিনার কথা ভুলে যান। আপনারা যারা আছেন বা যারা এখনো নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তারা গুপ্ত অবস্থায় লেখাপড়া করে যান। যদি দাঁড়ানোর চেষ্টা করেন আপনাদেরকে বসতেও দিব না।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন।
এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।