বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী

আজকের মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে

২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো জ্ঞান ও মেধা। সম্পদ থাকতে পারে, কিন্তু জ্ঞানের অভাবে সেই সম্পদও বোঝা হয়ে যায়। মানুষই একমাত্র প্রাণী, যে তার জ্ঞান ও বুদ্ধির প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের অর্জনে আমরা গর্বিত। তোমাদের মনে রাখতে হবে, আজকের এই বিশ্ব শুধুই সম্পদের ওপর নির্ভর করে না। পৃথিবীতে যেসব দেশ আজ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে, তারাই প্রকৃত অর্থে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাই তোমাদের জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে। আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন, তোমাদের এ অর্জন কঠোর পরিশ্রমের ফসল, যা ভবিষ্যতে দেশ-বিদেশে নতুন পথ চলার প্রেরণা হিসেবে শক্তি জোগাবে। আমাদের মেধাবী শিক্ষার্থীদের সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে পারলে তারা সমাজ ও দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।

ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬-এর আহ্বায়ক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইতি খান মিতু। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬
যৌন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও …
  • ২৭ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ৯ …
  • ২৭ জুলাই ২০২৬
বিএনপি নেতার কার্যালয়ে নাতিকে মারধর, বাঁচাতে গেলে দাদাকে পি…
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপা…
  • ২৭ জুলাই ২০২৬