আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে প্রজন্মের স্মৃতি ও শেকড়: যবিপ্রবি উপাচার্য

২৭ জুলাই ২০২৫, ০১:৫৫ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০২:২৫ PM
ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে উপাচার্য

ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে উপাচার্য © সংগৃহীত

‘আঞ্চলিক ভাষা শুধু একটি কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, আবেগ এবং আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। এই ভাষা হারিয়ে গেলে হারিয়ে যায় একটি প্রজন্মের স্মৃতি, তার শেকড় ও সত্তা।’ — এমন মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ।

আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিহঙ্গ নাট্যগোষ্ঠীর পরিচালক শাহিনুর আলম লিটন।

উপাচার্য ড. আব্দুল মজিদ বলেন, ‘আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা, কবিতা, গান, গল্প, নাটক রচনা ও পরিবেশনের মাধ্যমে ভাষাটিকে জীবন্ত রাখতে হবে। পাশাপাশি প্রবাদ, লোকগাথা, স্থানীয় ইতিহাস ও শব্দভাণ্ডার ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে ওয়েবসাইট বা অ্যাপে ছড়িয়ে দিতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য সুরক্ষিত থাকে।’

সংবর্ধনা অনুষ্ঠানে মানবাধিকার, সাংবাদিকতা, ক্রীড়া, ব্যবসা, ভাষা, শিল্প, কনটেন্ট নির্মাণ, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অবদানের জন্য জেলার বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাক্ষেত্রের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু, চিত্রনায়ক নীরব হোসেন, খলনায়ক আশরাফুল হক ডন, নাট্যকার ও নির্মাতা হাসান জাহাঙ্গীর, কৌতুক অভিনেতা কাজল, সংগঠনের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, নিপা জামান, গাউস গোর্কি, মাসুদ রানা, সুরভী রেজা, মোরশেদ আলম, মোহাম্মদ আলী, এনামুল হক ও ফিরোজা জামান আলো প্রমুখ।

সভাপতির বক্তব্যে আসিফ কাজল বলেন, ‘আঞ্চলিক ভাষা আমাদের শিকড়। আমরা যদি এখনই সচেতন না হই, তবে আগামী প্রজন্ম তাদের মাটি, সংস্কৃতি ও আত্মপরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই মাটির ভাষা, প্রাণের ভাষাকে বাঁচিয়ে রাখতে সকলে মিলে একযোগে কাজ করতে হবে।’

উপস্থিত অতিথিরা ঝিনেদার আঞ্চলিক ভাষার ঐতিহ্য রক্ষায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬