ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সমাবর্তনে ‘কালচারাল অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড’ পেয়েছেন সরোদশিল্পী আবুল কাসেম। © সংগৃহীত
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ‘কালচারাল অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড’ পেয়েছেন সরোদশিল্পী আবুল কাসেম। গত ১০ নভেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রিও অর্জন করেন তিনি।
আবুল কাসেম আশিকুর রহমান নামেও পরিচিত। তিনি প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সরোদবাদক প্রয়াত ওস্তাদ আফজলুর রহমানের ছেলে। তাঁর মা আনোয়ারা রহমান বাংলাদেশের প্রথম নারী সরোদশিল্পী হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার একটি সংগীতপরিবারে বেড়ে ওঠা আবুল কাসেম পারিবারিক সংগীত-ঐতিহ্য অনুসরণ করে মাইহার-সেনিয়া ঘরানায় সরোদচর্চা করছেন।
বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সরোদশিল্পী হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে সিঙ্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। ২০২২ সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের একটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশনায় সরোদ বাজান তিনি। এ ছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও জাতীয় যন্ত্রসংগীত উৎসবসহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে স্বীকৃতি পেয়েছেন।
সংগীতচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন আবুল কাসেম। আইইউবিতে অধ্যয়নকালে বিভিন্ন পর্যায়ে বৃত্তি অর্জনের পর শতভাগ টিউশন ফি মওকুফের সুযোগ পান তিনি। বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউটে গবেষণা ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া শিক্ষার্থী সংগঠন ‘গ্লোবাল গেটকিপার্স’-এ দুই মেয়াদে সাংস্কৃতিক বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ভবিষ্যতে উন্নয়ন অধ্যয়ন, সুশাসন ও সামাজিক নীতি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হতে চান আবুল কাসেম। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী তিনি। পাশাপাশি সামাজিক বৈষম্য ও অসংগতি দূর করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে চান।
নিজের এ অর্জনের পেছনে মা আনোয়ারা রহমান এবং দুই বোন মহুয়া রহমান রুবা ও অন্তরা রহমান টুংটাংয়ের সহযোগিতার কথা উল্লেখ করেছেন আবুল কাসেম। একই সঙ্গে আইইউবির শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর কাছে এই পুরস্কার সংগীতচর্চা ও শিক্ষাজীবনের স্বীকৃতির পাশাপাশি ভবিষ্যতে গবেষণা ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার অনুপ্রেরণা।