১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ © সৌজন্য প্রাপ্ত
১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার (বাংলাদেশ জাতীয় পর্ব ২০২৬) রানার-আপ হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির দলের সদস্য সুহি সামান্নাজ ‘সেরা বক্তা’ (বেস্ট ওরালিস্ট) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) বিষয়ক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এনএসইউর এ অর্জন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মুট কোর্টে অংশগ্রহণ ও যুক্তি উপস্থাপনের দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহযোগিতায় ২০২৬ সালের ৬ ও ৭ নভেম্বর প্রতিযোগিতার জাতীয় পর্ব আয়োজন করে। সারা দেশের ২৭টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মেমোরিয়াল (লিখিত আইনি যুক্তি) জমা দেয়। এর মধ্যে মাত্র ১৬টি দল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়।
এনএসইউর আইন বিভাগের দলটিতে ছিলেন সুহি সামান্নাজ, নাফিজ শাহরিয়ার ও এইচ. এম. রাজ। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার নাসমিন জাবিন নূর। প্রতিযোগিতা জুড়ে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে তাদের গভীর জ্ঞান, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং দলীয় সমন্বয়ের প্রশংসা করেন বিচারক ও আয়োজকেরা।
আইন শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আইসিআরসির দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক প্রতিনিধিদল ২০০১ সালে হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা চালু করে।
আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের স্মরণে প্রতিযোগিতাটির নামকরণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে এটি দক্ষিণ এশিয়াজুড়ে একটি আঞ্চলিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।