সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত © সৌজন্য প্রাপ্ত
শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপরচুনিটিজ: এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬’ শীর্ষক জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ও ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে বিভিন্ন খাতের ২৫টি প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, জীবনবৃত্তান্ত জমা, প্রাথমিক বাছাই ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী শাহাদাত কবীর, অ্যাডভাইজার মাহমুদুল বারী এবং কোষাধ্যক্ষ মো. শহীদুজ্জামান চৌধুরী এফসিএ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শুহাদা ওথমান শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মানসিকতা ও পেশাগত সক্ষমতা ক্রমাগত উন্নয়নের আহ্বান জানান। পরিবর্তনশীল বৈশ্বিক কর্মবাজারে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে দক্ষ, অভিযোজনক্ষম, উদ্ভাবনী ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক হয়ে ওঠার পরামর্শ দেন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বিবেচনার আহ্বান জানান তিনি।
উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব কর্মদক্ষতা অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী শাহাদাত কবীর শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, হা-মীম গ্রুপ, কাইজেন আইটি, ইউনিক অটোমেশন টেকনোলজি, কোয়েস্ট এডুকেয়ার, স্টুডেন্ট ওয়ার্ল্ড, অ্যাপ্লাই ইন, দারা টেকনোলজি, গ্রিন বাংলাদেশসহ মোট ২৫টি প্রতিষ্ঠান ও সংগঠন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠান, নিয়োগদাতা সংস্থা এবং আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী কল্যাণ অধিদপ্তর।