মাইক্রোবায়োলজি বিভাগের BSc in Microbiology (Honours) প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম © টিডিসি ছবি
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) মাইক্রোবায়োলজি বিভাগের BSc in Microbiology (Honours) প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের মাধ্যমে মাইক্রোবায়োলজি বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের একাডেমিক ও সামগ্রিক যাত্রা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহফুজুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আহ্বান জানান।
এরপর স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম পাঠান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে তাদের সফল ও সমৃদ্ধ একাডেমিক জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহ রেজা এম ফাহাদ হোসেন শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ, নিয়ম-শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আনিসুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং উচ্চশিক্ষার এই পর্যায়ে মনোযোগ, নিষ্ঠা, গবেষণামনস্কতা ও জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হাসান কাওসার মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন, প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় জীবনে প্রাপ্ত প্রতিটি সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের সম্ভাবনাকে বিকশিত করার জন্যও তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আব্দুর রশীদ, ইমেরিটাস প্রফেসর, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে একজন শিক্ষার্থী বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবারে আমাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। মাইক্রোবায়োলজি আমাদের জন্য শুধু একটি বিষয় নয়; এটি জীববিজ্ঞান, স্বাস্থ্য ও গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমরা আশা করি, সম্মানিত শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা ও সহযোগিতায় জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাব। বিশ্ববিদ্যালয় জীবনের এই নতুন যাত্রায় আমরা নিষ্ঠা, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গিয়ে নিজেদের যোগ্য মাইক্রোবায়োলজিস্ট হিসেবে গড়ে তুলতে চাই এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে চাই।”
ওরিয়েন্টেশন প্রোগ্রামকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তুলতে SUB Culture Club-এর উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা নবীন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, এ আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের একটি ইতিবাচক, আন্তরিক ও আনন্দময় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।