বিপুল পাঠকসমাগমে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ © সংগৃহীত
বই, পাঠ ও জ্ঞানচর্চার প্রাণবন্ত আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রতিদিন ৭ হাজারেরও বেশি দর্শনার্থীর উপস্থিতিতে ৯ থেকে ১১ আগস্ট ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আয়োজিত এ বইমেলা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের ব্যাপক সাড়া ফেলে।
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ডিআইইউ লাইব্রেরি ও ডিআইইউ প্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বাংলাদেশ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় দেশের ২১টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই মেলার অফিসিয়াল স্পনর ছিলেন ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)।
তিন দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে বই ও জ্ঞানচর্চাকে ঘিরে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
গত ৯ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বইমেলার উদ্বোধন করেন। এ সময় ডিআইইউর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)-এর প্রতিনিধিরা এবং দেশের বিশিষ্ট লেখকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত উপাচার্যসহ অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশকদের সঙ্গে বই ও প্রকাশনা নিয়ে কথা বলেন।
মেলায় বাংলাদেশ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশের ২১টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন স্টলে বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, একাডেমিক ও গবেষণাধর্মী বইসহ নানা ধরনের প্রকাশনা প্রদর্শন ও বিক্রি করা হয়। এর ফলে ডিআইইউর শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা নিজেদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ধরনের বই সংগ্রহের সুযোগ পান।
বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিআইইউর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, গবেষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল। তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন ৭ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি বইমেলাটিকে প্রাণবন্ত করে তোলে এবং ক্যাম্পাসে বই পড়া ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহের প্রতিফলন ঘটায়।
বইমেলা আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায় যে, ‘একটি জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়া তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও জ্ঞানকে সমৃদ্ধ করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন নতুন বই ও লেখকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে এবং তাদের মধ্যে জ্ঞান অনুসন্ধানের আগ্রহ বাড়ায়।
‘ডিআইইউ বইমেলা ২০২৬’-এ ডিআইইউ কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে বই ও পাঠচর্চার প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা ছিল। তিন দিনজুড়ে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বই সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রকাশনা ও নতুন বই সম্পর্কে জানার সুযোগ পান। বইমেলার মাধ্যমে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, গবেষণা ও সমসাময়িক নানা বিষয়ে বই পড়ার সুযোগ তৈরি হয়।