অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আবিদ ফিতা কেটে নতুন বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন © সংগৃহীত
গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও সমাজমুখী করার লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) আনুষ্ঠানিকভাবে ‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট’ উদ্বোধন করা হয়েছে। নতুন এ বিভাগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে সুসংগঠিত করার পাশাপাশি মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটি এ্যালফার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক ড. রুহুল আবিদ, এমডি, পিএইচডি, (Co-Director, Cardiovascular Fellowship Program; Member, Global Health Advisory Committee, Brown University; এবং President, Health and Education for All (HAEFA))।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আবিদ ফিতা কেটে নতুন বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ‘Research and Publication in Improving Clinical and Health Care Delivery Service’ শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
তিনি বলেন, গবেষণা কেবল নতুন জ্ঞান সৃষ্টি বা একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত মূল্য নিহিত রয়েছে বাস্তব জীবনের সমস্যা সমাধান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগে। তিনি শিক্ষার্থী ও গবেষকদের প্রাসঙ্গিক, প্রমাণভিত্তিক এবং জনকল্যাণমুখী গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ও ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামিম।
তিনি বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত এমন জ্ঞান ও উদ্ভাবন সৃষ্টি করা, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের কল্যাণে বাস্তব ভূমিকা রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা এবং গবেষণামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে সমাজে অর্থবহ পরিবর্তন আনা এবং মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম. এ. রশিদ; স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান।
সমাপনী বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসান কাউসার বলেন, নবপ্রতিষ্ঠিত রিসার্চ ও পাবলিকেশন ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, এই বিভাগের মাধ্যমে মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান সমাজ, শিল্পখাত, স্বাস্থ্যসেবা ও জাতীয় উন্নয়নে বাস্তব ও ইতিবাচক অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, গবেষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।